রনির জামিন বাতিলে আবেদন
সাংবাদিক পেটানোর মামলায় সংসদ সদস্য গোলাম মাওলা রনির জামিন বাতিল চেয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেছেন মামলার বাদী ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক ইউনুস আলী।
সোমবার দুপুরে জামিনের পর বিকালেই ইউনুস আলী এই আবেদন করেন। তবে বিষয়টি মঙ্গলবার প্রকাশ পেয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত কমিশনার মো আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার এই বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।”
ওই আবেদনের বিষয়ে ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান শাহবাগ থানা পুলিশকে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
শনিবার ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদক ইমতিয়াজ মমিন সনি এবং ক্যামেরাপারসন মহসিন মুকুলকে মারধরের অভিযোগে মামলা হয় আওয়ামী লীগের এই সংসদ সদস্যের বিরুদ্ধে।
অপরাধবিষয়ক অনুসন্ধানী অনুষ্ঠান ‘তালাশ’ এর জন্য তথ্য সংগ্রহের কাজে তারা পটুয়াখালীর এই সংসদ সদস্যের কার্যালয় রাজধানীর তোপখানা সড়কের মেহেরবা প্লাজায় গেলে হামলার শিকার হন।
ইনডিপেনডেন্টের মামলায় রনি রোববার হাকিমের আদালতে আত্মসমর্পণ করে ৫ হাজার টাকা মুচলেকায় জামিন নেন।
ওই জামিন বাতিলের আবেদনে ইনডিপেনডেন্ট কর্তৃপক্ষ বলেছে, রনি জামিন নিয়ে মামলার বাদীকে হুমকি-ধমকি দিচ্ছেন।
এজন্য শাহবাগ থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে বলে আদালতে জানান ইউনুস আলী।
