২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রনি-সালমানের মামলায় সাক্ষী ‘পাচ্ছে না’ পুলিশ

গোলাম মাওলা রনির বিরুদ্ধে সাংবাদিক নির্যাতন এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে অপহরণচেষ্টার অভিযোগের দুই মামলায় শনিবারের ঘটনার প্রত্যক্ষদর্শী কাউকে সাক্ষী হিসেবে ‘পাচ্ছে না’ পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 05:47 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক আবু জাফর সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেকেই ভয়ে ঘটনার ব্যাপারে এখন মুখ খুলতে চাইছেন না।”

মামলা দুটিতে আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা এবং আওয়ামী লীগেরই সংসদ সদস্যের সংশ্লিষ্টতা থাকায় এই ‘ভয়’ বলে পুলিশের ধারণা।

শনিবার তোপখানা সড়কের মেহেরবা প্লাজায় রনির কার্যালয়ের ওই ঘটনার পর দায়ের করা দুই মামলারই তদন্তের ভার পুলিশ কর্মকর্তা আবু জাফরের কাঁধে।  

দায়িত্ব নিয়ে তদন্ত শুরু করলেও প্রত্যক্ষদর্শীদের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন তিনি।

“সেখানকার লোকজন পুলিশকে এড়িয়ে চলার চেষ্টা করছেন।”

যারা ঘটনার প্রত্যক্ষদর্শী, তারা পরে বিপদে পড়ার শঙ্কা থেকে পুলিশকে সহযোগিতা করছেন না বলে এসআই জাফর মনে করেন।

তবে তিনি আশাবাদী, ‘স্পর্শকাতর’ এই মামলায় কয়েক দিনের মধ্যেই সাক্ষী পেয়ে যাবেন।

“সময় নিয়ে এবং ধৈর্য ধরে এগোতে পারলে মামলার তদন্ত কাজ সম্পন্ন করা সম্ভব হবেই।”

অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহের জন্য সালমান মালিকানাধীন ইনডিপেনডেন্ট টেলিভিশনের দুই সংবাদকর্মী শনিবার রনির কার্যালয়ে গিয়ে মারধরের শিকার হন।

ভিডিওচিত্রে দেখা যায়, সংসদ সদস্য রনি নিজেই প্রতিবেদক ও ক্যামেরাপার্সনের ওপর চড়াও হয়ে লাথি মারছেন।

হামলায় আহত ক্যামেরাপার্সন মহসিন মুকুল মেট্রোপলিটান হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার সেখানে গিয়ে দেখা যায়, কোমরে ব্যথার কারণে এখনো কারো সহযোগিতা ছাড়া দাঁড়াতে পারছেন না তিনি।

হামলার জন্য সংসদ সদস্য রনিকে দায়ী করে তার শাস্তিও দাবি করেছেন মহসিন মুকুল।

শনিবার হামলার পরপরই সাংবাদিক নেতারা সেখানে গেলে রনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। সেই সঙ্গে আহত সাংবাদিকের চিকিৎসার ব্যয় এবং ভেঙে ফেলা ক্যামেরার ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

হামলার শিকার সাংবাদিক ইমতিয়াজ মমিন সনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদিন কেটে গেলেও সংসদ সদস্য কথা রাখেননি।

রনি অবশ্য দাবি করেন, তিনি হামলা চালাননি, তবে ঘটনাটি তার কার্যালয়ের সামনে ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।

ঘটনার পর শনিবার রাতে ইনডিপেনডেন্ট টেলিভিশন কর্তৃপক্ষ রনিকে আসামি করে একটি মামলা করে। এরপর রনি পাল্টা মামলা করেন, যাতে আসামি করা হয় সালমানকে।

রনির দাবি, শেয়ারবাজার নিয়ে কথা বলার কারণে সালমানের ‘নির্দেশে’ ইনডিপেনডেন্ট টেলিভিশনের তালাশ টিমকে (অনুসন্ধানী প্রতিবেদন যে অনুষ্ঠানে প্রচার হয়) তার পিছনে লেলিয়ে দেয়া হয়।

মামলায় তিনি অভিযোগ করেন, তালাশ টিমের সদস্যরা তার অফিসের ফ্রন্ট ডেস্কের কর্মচারী আবদুল কুদ্দুসের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং সালমানের নির্দেশে তাকে অপহরণের চেষ্টা চালায়।

ইনডিপেনডেন্টের করা মামলায় রনি রোববার বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।

পটুয়াখালীর সংসদ সদস্য রনির বিরুদ্ধে এর আগেও সাংবাদিকদের নিগৃহীত করার অভিযোগ রয়েছে।

২০০৯ সালে পটুয়াখালীর গলাচিপায় নদী দখল করে বিপণী বিতান তৈরির কথা বিভিন্ন দৈনিকে প্রতিবেদন প্রকাশ হলে রনির সমর্থকদের হাতে স্থানীয় কয়েকজন সাংবাদিক নিগৃহীত হন। পরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলাও করেন তিনি।

শনিবারের ঘটনার পর বেসরকারি টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিকরা এক বিবৃতিতে রনিকে বর্জনের জন্য টেলিভিশন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

পুরনো খবর:

সালমান-রনির পাল্টাপাল্টি মামলা
ক্ষমা চাইলেন রনি