২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনর্মূল্যায়িত ফলে বাদ কেন, প্রশ্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরীক্ষার্থীদের

৩৪তম বিসিএসের প্রিলিমিনারির পুনর্মূল্যায়িত ফল পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন করেছেন বাদপড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর চাকরিপ্রার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2013, 05:35 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে শতাধিক চাকরি প্রার্থী এই মানববন্ধনে অংশ নেন।

বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীদের পক্ষে আলবেরিকুশ খালকো বলেন, “৩৪তম বিসিএসের প্রিলিমিনারির প্রথম দফার ফলে ২৮০ জন আদিবাসী প্রার্থী উত্তীর্ণ হলেও দ্বিতীয় দফার ফলে তারা বাদ পড়েছেন। অথচ পিএসসি বলছে, আগের সবাইকে রেখেই পুনর্মূল্যায়িত ফল দেয়া হয়েছে।”

পুনর্মূল্যায়িত ফল পুনর্বিবেচনা করে বাদপড়া আদিবাসী প্রার্থীদের অন্তর্ভুক্তির দাবি জানান তিনি।

সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগীর শাখার সাধারণ সম্পাদক সুলভ চাকমা, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অনন্ত ধামাই, ৩৪তম বিসিএসের পুনর্মূল্যায়িত ফলে বাদপড়া আদিবাসী শিক্ষার্থীদের পক্ষে বিনয় তপন বক্তব্য দেন।

মানববন্ধনে বাধা না দিলেও পুলিশ মাইক ব্যবহার করতে দেয়নি বলে জানান মানববন্ধনে অংশ নেয়া উপজাতি শিক্ষার্থীরা।

এর আগে গত ১৬ জুলাই ৩৪তম বিসিএসের প্রিলিমিনারির পুনর্মূল্যায়িত ফলে বাদপড়া প্রার্থীরা সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন। তবে এ বিষয়ে পিএসসি কোনো কথা বলছে না।

গত ৮ জুলাই কোটার ভিত্তিতে ৩৪তম বিসিএসের ফল প্রকাশ করা হয়, এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন।

এই ফলে ‘মেধাবী’ অনেকেই বাদ পড়েছেন অভিযোগ তুলে চাকরিপ্রার্থীরা আন্দোলন শুরু করেন। তাদের বিক্ষোভ-প্রতিবাদের মুখে ১০ জুলাই ওই ফল পুনর্মূল্যায়নের ঘোষণা দেয় পিএসসি।

১৪ জুলাই প্রকাশিত পুনর্মূল্যায়িত ফলাফলে ৪৬ হাজার ২৫০ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন।

৩৪তম বিসিএসের দ্বিতীয় দফার ফলাফলে আগের উত্তীর্ণদের রাখার কথা বলা হলেও বাদ পড়েছেন উপজাতি কোটার প্রায় তিনশ’ চাকরিপ্রার্থী।

পুরনো খবর:

সংশোধিত ফলও পুনর্বিবেচনার দাবি উপজাতি প্রার্থীদের
সংশোধিত ফলে নেই আগের উত্তীর্ণ ২৮২ উপজাতি প্রার্থী