সংশোধিত ফলে নেই আগের উত্তীর্ণ ২৮২ উপজাতি প্রার্থী
৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পুনর্মূল্যায়িত ফলে আগের উত্তীর্ণদের রাখার কথা বলা হলেও বাদ পড়েছেন উপজাতি কোটার প্রায় তিনশত চাকরিপ্রার্থী ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে আসা এরকম ২৮২ পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর যাচাই করে দেখা গেছে, এসব প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষার প্রথমবার প্রকাশিত ফলে উত্তীর্ণ হলেও সংশোধিত ফলে বাদ পড়েছেন।
গত ৮ জুলাই কোটার ভিত্তিতে ৩৪তম বিসিএসের ফল প্রকাশ করা হয়, এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন।
এই ফলে ‘মেধাবী’ অনেকেই বাদ পড়েছেন অভিযোগ তুলে চাকরিপ্রার্থীরা আন্দোলন শুরু করেন। তাদের বিক্ষোভ-প্রতিবাদের মুখে ১০ জুলাই ওই ফল পুনর্মূল্যায়নের ঘোষণা দেয় পিএসসি।
১৪ জুলাই প্রকাশিত পুনর্মূল্যায়িত ফলাফলে ৪৬ হাজার ২৫০ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন।
ওইদিন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোটার ভিত্তিতে প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ ১২ হাজার ৩৩ জনকে রেখেই ফল পুনর্মূল্যায়ন করা হয়েছে।”
কিন্তু সংশোধিত ফল প্রকাশের পর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অনেক পরীক্ষার্থী অভিযোগ করছেন, আগের ফলে তারা উত্তীর্ণ হলেও সংশোধিত ফলে তাদের নাম নেই।
এমনই এক পরীক্ষার্থীর মা অধ্যাপক বাঞ্ছিতা চাকমা। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার মেয়ে (রেজিস্ট্রেশন নম্বর ০২২৩৪৩) প্রথমবারের ফলাফলে উত্তীর্ণ হলেও দ্বিতীয় দফার ফলে তার রোল নেই। অথচ পিএসসি বলেছে আগের সবাইকে রেখেই ফল দেয়া হয়েছে।
“আমার পরিচিত আরো অনেকেই দ্বিতীয় দফার ফলাফলে বাদ পড়েছেন। এটা কেমন ফল হলো বুঝতে পারলাম না।”
প্রিলিমিনারির দ্বিতীয় দফার ফলে নিজের ভাই বাদ পড়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামের এক আদিবাসী।
নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, তার পরিচিত আরো অনেকেই দ্বিতীয় দফার ফলাফলে উত্তীর্ণ হতে পারেনি।
এবিষয়ে জানতে কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিনের সঙ্গে সোমবার একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
কোন পদ্ধতিতে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি ফল পুনর্মূল্যায়ন করা হয়েছে তা নিয়ে কমিশনের কেউই কোনো কথা বলেননি।
কীভাবে দ্বিতীয় দফার ফল দেয়া হয়েছে তা স্পষ্ট না করেই পিএসসির চেয়ারম্যান এটি আহমেদুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটার সঙ্গে এটা সম্পর্কিত না (প্রথম ফলে সঙ্গে দ্বিতীয় ফল)। আমি জানি না, আমি জানি না।”
