২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় নৌকাডুবি: ৪ ছাত্রীর লাশ উদ্ধার

পাবনা সদরে পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ চার শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2013, 04:37 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

মঙ্গলবার বিকেলে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পাবনা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।

এরা হলেন- ভাদুরাডাঙ্গী গ্রামের আব্দুস সুবহানের মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী চম্পা খাতুন, তজিরুদ্দিনের মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী দুলু (১০), আবুল কাশেমের মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী শারমিন আক্তার (৯) ও একই শ্রেণির ময়না খাতুন (১০)।

রহিমা খাতুন নামে আরো এক শিক্ষাথী উদ্ধারে তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার ভাদুড়িয়াডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীদের নিয়ে উপবৃত্তির টাকা উত্তোলনের জন্যে নৌকায় করে পদ্মা নদী পার হচ্ছিল বিদ্যালয় কর্তৃপক্ষ।

হঠাৎ দমকা হাওয়া ও ঢেউয়ে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। ১০ জনকে স্থানীয়রা উদ্ধার করতে পারলেও পাঁচ শিক্ষার্থী নিখোঁজ হয়।