চবি সাংবাদিক সমিতিতে তালা দেয়ায় ছাত্রলীগের ৪ জন বহিষ্কৃত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে তালা দেয়ার ঘটনায় চার নেতা-কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার তাদের বহিষ্কার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সরকার সমর্থক সংগঠনটির কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক শেখ রাসেল।
বহিষ্কৃতরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক পীযূষ কান্তি বর্মণ, সহ-সম্পাদক সৌমেন দাশ জুয়েল, কর্মী শাফায়েত ও এসএম মেরাজ হোসাইন।
শুক্রবার চবি ছাত্রলীগ কর্মীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের খবর প্রকাশ করায় পীযূষের অনুসারীরা পরদিন দুপুরে চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে তালা লাগিয়ে দেয়।
বিষয়টি প্রক্টরকে জানিয়েও সমাধান না পেয়ে উপাচার্য আনোয়ারুল আজিম আরিফের সঙ্গে দেখা করেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। পরে তালার চাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেন ছাত্রলীগ নেতারা।
ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রাসেল বলেন, “সাংবাদিক সমিতির কার্যালয়ে তালা দেয়ায় পীযূষসহ চার জনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।”
পিযূষ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মামুনুল হকের অনুসারী।
তদন্ত কমিটি গঠন
সাংবাদিক সমিতি কার্যালয়ে তালা দেয়ার ঘটনা তদন্তে একটি কমিটি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আইন অনুষদের ডিন অধ্যাপক আবদুল্লাহ আল ফারুককে প্রধান করে গঠিত এ কমিটিকে ‘জরুরী ভিত্তিতে’ প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে প্রক্টর অধ্যাপক সিরাজ-উদ-দৌল্লাহ জানিয়েছেন।
তিন সদস্যের এ কমিটির অন্য সদস্যরা হলেন- সহকারী প্রক্টর আবদুল ওয়াহেদ চৌধুরী ও তথ্য কর্মকর্তা ফরহাদ হোসেন খান।
এই ঘটনায় ইতোমধ্যে কর্তৃপক্ষের কাছে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন সাংবাদিক ও ছাত্রলীগ নেতারা।
ছাত্রলীগ নেতাদের অভিযোগে বলা হয়, শুক্রবারের ঘটনায় তারা জড়িত না হলেও সাংবাদিকরা তাদের জড়িয়ে ‘মিথ্যা’ সংবাদ পরিবেশন করে।
