২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুদণ্ডের ১১ আসামিকে খালাস দিল হাই কোর্ট

বগুড়ায় একটি ‘ট্রিপল মার্ডার’ মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ১১ আসামিসহ মোট ১৫ জনকে খালাস দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 09:14 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের অনুমতির আবেদন ও জেল আপিলের চূড়ান্ত শুনানি শেষে রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ এই রায় দেয়।

মৃত্যুদণ্ড থেকে খালাসপাওয়া আসামিরা হচ্ছেন, আব্দুর রশিদ, সাইফুল ইসলাম, খতজামাল, ফারাইজুল, নিপন, ওসমান গণি, লাল মিয়া, আফফার আলী মণ্ডল, শফিকুল ইসলাম, আশরাফ আলী ও বাচ্চু মণ্ডল।

যাবজ্জীবন দণ্ড থেকে খালাস পাওয়া আসামিরা হলেন, জায়দুল, ওয়াজেদুল, সাবের মোল্লা ও মোহসিন মন্ডল।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহিন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আমিনুর রহমান চৌধুরী টিকু।

২০০৪ সালের ২২ সেপ্টেম্বর বগুড়ার ধুনট উপজেলার বড়চাপড়া গ্রামের আব্দুল বাকী ও তার দুই সন্তান মোহাম্মদ ইয়াসিন ও আব্দুল আজিজ খুন হন। একই ঘটনায় বাকীর অপর ছেলে মোহাম্মদ দুলাল মারাত্মকভাবে আহত হন।

পরদিন বাকীর ভাই আব্দুল কাফী বাদী হয়ে ১৯ জনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা করেন। জমিজমা নিয়ে পারিবারিক বিরোধে আসামিরা এই হত্যাকাণ্ড চালায় বলে এজাহারে দাবি করা হয়।

২০০৫ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০০৭ সালের ৬ নভেম্বর দেয়া রায়ে রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১২ জনকে ফাঁসি ও ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। পাশাপাশি খালাস দেয় ২৪ আসামিকে।

সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আমিনুর রহমান চৌধুরী টিকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খালাস পাওয়া আসামিরা সবাই কারাগারে রয়েছেন। তবে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি বাসেত পলাতক রয়েছেন।

আইনের সাধারণ নিয়ম অনুসারে পলাতক আসামি রিলিভের সুবিধা পায় না। তবে মাঝে মাঝে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের অনুমতির আবেদনে ব্যতিক্রমও দেখা যায়। আদালতের আদেশের পূর্নাঙ্গ অনুলিপি না পাওয়া পর্যন্ত এ বিষযে বিস্তারিত বলা যাবে না।

তিনি বলেন, “আমরা এই রায়ে সন্তুষ্ট নই। এর বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করবো।”

আসামিদের মধ্যে আব্দুর রশিদ, সাইফুল ইসলাম, খতজামাল তিন ভাই। এর আগে ১৯৮৭ সারে নিহত বাকীর ভাই আবু সাঈদ হত্যা মামলায় তারা ১০ বছরের দণ্ড খেটেছিলেন।