ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার: আজিজ মার্কেটের দোকানকর্মী পুলিশে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এক ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে শাহবাগের আজিজ সুপার মার্কেটের এক দোকানকর্মীকে ধরে নিয়ে পুলিশে দিয়েছে ছাত্ররা।
রোববার দুপুরে পোশাকের দোকানের আসিফ রায়হান নামে ওই কর্মীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল ছাত্র মার্কেটের সামনে থেকে ধরে নিয়ে যায়।
তাকে মেরে ফেলা হয়েছে বলে গুজব ছড়িয়ে মার্কেটের সামনে কয়েকটি গাড়ি ভাংচুর করে দোকানকর্মীরা। আহত হন এক পুলিশ সদস্যও।
বিকালে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এম এ জলিল জানান, আসিফকে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্ররা। আসিফ এখন শাহবাগ থানায় রয়েছে।
শাহবাগ থানার ওসি তদন্ত এম এ জলিল বলেন, “চারুকলা অনুষদের এক ছাত্রীর সাথে দুব্যবহার করার অভিযোগে আসিফকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আসিফ এখন থানায় আছে।”
ছাত্রদের অভিযোগ, নবাবী ফ্যাশন হাউসের কর্মী শনিবার চারুকলার এক ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন।
আজিজ সুপার মার্কেটের সিক্সটি ইন্টারন্যাশনাল নামের একটি কম্পিউটার দোকানের কর্মচারী আজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর আড়াইটার দিকে চারুকলার কিছু ছাত্র এসে মার্কেটের সামনে থেকে আসিফকে ধরে নিয়ে যায়।
এরপর বিভিন্ন দোকানের কর্মীরা রাস্তায় এসে ভাংচুরে নামে। পুলিশ বাধা দিতে গেলে তাদের দিকে ঢিলও ছোড়ে তারা।
ঢিলে আব্দুল মান্নান নামে এক পুলিশ কনস্টেবলের মাথা ফেটে গেছে বলে পুলিশ কর্মকর্তা জলিল জানান।
