২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীঘির জঞ্জাল সরাতে গিয়ে মিলল নিখোঁজ শিশুর কঙ্কাল

বন্দর নগরীর আসকার দীঘিতে ১০ বছর জমে থাকা জঞ্জাল সরাতে গিয়ে মিলেছে এক মাস আগে নিখোঁজ একটি শিশুর কঙ্কাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 04:31 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

চট্টগ্রাম নগরীর জামালখান এলাকার ওই দীঘিতে রোববার বেলা সাড়ে ১১টার দিকে কঙ্কালটি উদ্ধার করে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা।

স্থানীয়রা জানায়, গত ১৯ জুন বিকালে দীঘিতে জমে থাকা কচুরীপানার ওপর দাঁড়িয়ে ঘুড়ি ওড়ানোর সময় তলিয়ে যায় জনি (৮) নামে ওই শিশুটি।

এরপর দুই দিন ধরে দমকল বাহিনীর সদস্য ও এলাকাবাসী খুঁজেও শিশুটির সন্ধান পায়নি।

জনি স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সাহাবুদ্দিন বাবুর্চির ছেলে। সে ন্যাশনাল সরকারি প্রাইমারি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

সাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ছেলে নিখোঁজ হওয়ার পর স্থানীয়রা দীঘির জঞ্জাল সাফ করার দাবি তুললেও তখন কর্তৃপক্ষ বিষয়টির দিকে কোনো নজর দেয়নি।”

ওই এলাকার বাসিন্দা মো. রনি বলেন, স্থানীয়রা মানববন্ধনসহ নানা কর্মসূচি পালনের পর সিটি কর্পোরেশনের সহযোগিতায় দীঘির মালিকপক্ষ ১০ বছর পর কচুরীপানা ও জঞ্জাল পরিষ্কারের উদ্যোগ নেয়।

গত শুক্রবার দীঘি সংস্কার শুরু হয়। তিন দিনের মাথায় জনির কঙ্কাল পাওয়া যায়।

উদ্ধারের পর জনির কঙ্কালটি স্থানীয় শতদল ক্লাব মাঠে রাখা হয়। সেখানে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে।