২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিসির গাড়িতে শিবিরের আগুনের ঘটনায় মামলা

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2013, 11:10 AM

Updated : 25 Apr 2022, 07:00 PM

বুধবার গভীর রাতে জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করেন ওই গাড়ির চালক মো. কামাল হোসেন।

এছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

জয়দেবপুর থানার ওসি জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলায় অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায়ের পর বুধবার বিকালে শহরের মোশারফ টাওয়ারের সামনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহ নেওয়াজ দিলরুবা খানের গাড়ির কাঁচ ভাংচুর ও অগ্নিসংযোগ করে শিবিরকর্মীরা।

একইদিন টঙ্গী হোসেন মার্কেট এলাকায় একটি ট্রাকেও অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনায়ও টঙ্গী থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।