২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন অব্যাহত

কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের গারুহারা বলদিপাড়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন অব্যাহত রয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 10:14 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

বুধবার সকালে বাঁধের আরো প্রায় ৪০০ মিটার ভেঙে যায়। এর আগে রোববার বিকালে একই স্থানে বাঁধের প্রায় সাড়ে ৫০০ মিটার নদীগর্ভে বিলীন হয়।

এসব এলাকায় বেশকিছু পরিবার তাদের বসতবাড়ি হারিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।

এছাড়া ব্রহ্মপুত্র নদে অব্যাহত ভাঙনের ফলে বিজিবির পাখিউড়া ক্যাম্পটি সরিয়ে নেয়া হয়েছে। ভাঙনের মুখে রয়েছে বিজিবির দৈ-খাওয়া ক্যাম্প।

পাউবোর সেকশন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বাঁধ ঘেঁষে ব্রহ্মপুত্রের গভীরতা ৩০ থেকে ৩৫ ফুট। সেখানে ২৫টির মতো বাঁশ-নির্মিত স্পার, ৩০০ মিটার বাঁশের পাইলিং এবং ৩০ হাজারের মতো বালিভর্তি বস্তা ফেলেও ভাঙন রোধ করা যায়নি।

বন্যা নিয়ন্ত্রণ বাঁধটির প্রায় এক কিলোমিটার নদীগর্ভে বিলীন হওয়ায় যাত্রাপুর, পাঁচগাছি, নয়ারহাট ও বেগমগঞ্জ ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ সড়ক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে জানান যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল গফুর।

তিনি দাবি করেন, এর পাশাপাশি গারুহারা, বলদিপাড়া, ফারাজীপাড়া, চর যাত্রাপুর ও চর পার্বতীপুর গ্রামেরও বেশ কিছু অংশ ভাঙনের মুখে রয়েছে।

এসব এলাকার প্রায় ৩০টি পরিবার ভিটেমাটি হারিয়েছে বলে দাবি করেন ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর।

পাউবো কুড়িগ্রাম উত্তর ইউনিটের নির্বাহী প্রকৌশলী এনায়েত উল্ল্যাহ জানান, ভাঙন ঠেকাতে স্থায়ী প্রতিরক্ষার কথা ভাবা হচ্ছে।