২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরবাসী সন্তুষ্ট, প্রত্যাখান মুজাহিদের পরিবারের

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আল বদর প্রধান আলী আহসান মো. মুজাহিদের মৃত্যুদণ্ড হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে নিজ শহর ফরিদপুরের মানুষ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 08:36 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

তবে রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তা প্রত্যাখান করেছে তার পরিবার।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদকে মৃত্যুদণ্ড দিয়েছে।

ফরিদপুর শহরের বাসিন্দা মুক্তিযোদ্ধা কুব্বাত আলী বলেন, একাত্তরে দেশজুড়ে মুক্তিকামী বাঙালি নারী, শিশু ও পুরুষকে নির্বিচারে হত্যা করেছিল পাকিস্থানী হানাদার বাহিনী।

“মুজাহিদ ছিল তাদের অন্যতম দোসর। আমরা তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায়ে সন্তষ্ট।” 

জেলা ঘাতক-দালাল নির্মূল কমিটির সম্পাদক মশিউর রহমান খোকন বলেন, “ইতিহাস আজ আমাদের কলঙ্কমুক্ত হওয়ার সুযোগ দিয়েছে।”

এই রায় অবিলম্বে কার্যকর করার দাবি জানান তিনি।

ফরিদপুর লালন পরিষদের সম্পাদক সালামাত হোসেন খান বলেন, “আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল একাত্তরের ঘাতকদের বিচার করা। আমরা এই ঘাতকদের অন্যতম হোতা মুজাহিদের ফাঁসির রায়ে খুশি। এই রায়ে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মা শান্তি পাবে।”

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক বলেন, শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে একাত্তরের যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল তার পথ ধরেই আজ ঘাতকদের বিচার হচ্ছে।

মুজাহিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায়ে প্রমাণ হল অপরাধ করে কেউ পার পায় না।

এদিকে এই রায় প্রত্যাখান করে মুজাহিদের ভাই ও ফরিদপুর পৌর জামায়াতের আমীর আলী আফজাল মো. খালেছ বলেন, “এই রায় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা পারিবারিকভাবে এ রায় প্রত্যাখান করছি।”

ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মাওলানা আব্দুল আলী ও নূরজাহান বেগমের ছেলে আলী আহসান মুজাহিদের জন্ম ১৯৪৭ সালের ১৪ অগাস্ট। ওই দম্পতির দশ সন্তানের (আট ছেলে ও  দুই মেয়ে) মধ্যে মুজাহিদ চতুর্থ।

মুজাহিদের বাবা মাওলানা আব্দুল আলী একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে জেলা শান্তি কমিটির ৯ নম্বর সদস্য ছিলেন।