‘সন্ত্রাসী’কে ছাড়িয়ে নিতে থানায় হামলা
সন্ত্রাসের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে মঙ্গলবার রাতে রাজধানীর আদাবর থানায় প্রায় শতাধিক যুবক হামলা চালালে পুলিশ গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
রাত ১১টার দিকে এই ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আদাবর থানার ওসি শামীম আল রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকালে আল আমীন নামে এক সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করে।
এই আল আমীনকে ছাড়িয়ে নিতে স্থানীয় লোকজন চেষ্টা চালায়, না পেরে রাতে প্রায় শতাধিক যুবক থানার সামনে অবস্থান নেয় এবং এক পর্যায়ে থানার রাস্তা আটকে দেয়।
ওসি বলেন, “পুলিশ তাদের সরে যেতে বললে তারা থানায় এবং পুলিশের ওপর ইট ছোড়াসহ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।”
এক পর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে। এতে ওই যুবকরা শুরুতে পিছু হটলেও বিক্ষিপ্তভাবে হামলা অব্যাহত রাখে বলে ওসি জানান।
পরে অতিরিক্ত পুলিশ এসে গুলি ছুড়তে ছুড়তে প্রায় আধা কিলোমিটার ধাওয়া করে ওই যুবকদের পুরোপুরি ছত্রভঙ্গ করে দেয়।
হাসান মাহমুদ নামে স্থানীয় এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থানা থেকে ধাওয়া করে বায়তুল আমান ১০ নম্বর সড়ক পর্যন্ত পুলিশ চলে আসে। ১০ নম্বর সড়কেও পুলিশের সঙ্গে ওই যুবকদের কিছুক্ষণ ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
১০ নম্বর সড়কেই আল আমিনের বাসা বলে পুলিশ জানিয়েছে।
ওসি জানান, আল আমিনের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অভিযোগে অন্তত ৮টি মামলা রয়েছে। পুলিশ তাকে অনেকদিন ধরে খুঁজছিল।
