২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংশোধিত শ্রম আইনও যথেষ্ট নয়: হিউমেন রাইটস

বাংলাদেশের সংশোধিত শ্রম আইন কিছুটা উন্নত হলেও তা শ্রমিকদের অধিকার রক্ষায় ও আন্তর্জাতিক মান পূরণে যথেষ্ট নয় বলে মনে করছে হিউম্যান রাইটস ওয়াচ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2013, 05:44 PM

Updated : 23 Aug 2022, 11:11 AM

ইউনিয়ন গঠনে শ্রমিকদের পূর্ণ অধিকার নিশ্চিত করা, যৌথভাবে দরকষাকষি করা এবং নিরাপত্তা বিষয়ে কর্মক্ষেত্রের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে পূর্ণ অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এই আইনের আরো সংশোধনী আনতে বাংলাদেশকে চাপ দেয়ার জন্য দাতা সংস্থা ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সোমবার সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, “এটা দুঃখজনক বাস্তবতা যে, শ্রমিকরা অবিরত ঝুঁকি ও শোষণের মুখে থাকলেও বাংলাদেশ সরকার সচেতনভাবে শ্রমিকদের অধিকার সীমাবদ্ধ করেছে।”

এতে বলা হয়, শ্রম অধিকার বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তিতে বাংলাদেশ সই করলেও সংশোধিত আইনের মানে সেগুলোর সঙ্গে অনেক অসঙ্গতি রয়েছে।

বিবৃতিতে সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক ফিল রবার্টসন বলেন, “বাংলাদেশ সরকার রানা প্লাজা বিপর্যয় থেকে মানুষের দৃষ্টি সরাতে নাছোড়বান্দা। তাই, এতে অবাক হওয়ার কিছু নেই যে, সরকার দেখানোর চেষ্টা করছে যে তারা শ্রমিকদের অধিকার রক্ষায় খুবই যত্নশীল।”

এতে বলা হয়, আইনে শুধু কারখানার ভেতর থেকে ইউনিয়নের সদস্য নির্বাচনের বাধ্যবাধকতা রাখায় নিয়োগকারী ইউনিয়নবহির্ভূত বিষয়ে দায়ী করে নির্বাচিত নেতাদের চাকরি ছাঁটাই করার সুযোগ পাবে, যা বিশ্বব্যাপী মালিকদের সাধারণ চর্চা হয়ে দাঁড়িয়েছে।

আইন অনুয়ায়ী, বিশাল অংশের শ্রমিকদের নিয়ে গঠিত রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলেও ইউনিয়ন গঠন করা যাবে না।

এছাড়া সংশোধিত আইনের তালিকায় হাসপাতাল, ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্র এবং অলাভজনক শিক্ষা ও প্রশিক্ষণ খাতসহ আরো অনেকগুলো খাতকে যুক্ত করা হয়েছে যেখানে শ্রমিকদের ইউনিয়ন গঠন করতে পারবে না।

এছাড়া ধর্মঘট ডাকার প্রক্রিয়াকেও জটিল আমলাতান্ত্রিক প্যাঁচে ফেলা হয়েছে, যেখানে বলা হয়ে ধর্মঘট ডাকতে হলে তিন ভাগের দুই ভাগ সদস্যের অনুমতি লাগবে।

এছাড়া ‘কমিউনিটির প্রতি মারাত্মক কঠোরতা’ ও ‘জাতীয় স্বার্থের প্রতি পূর্ব হুমকি’র অজুহাতে সরকার যেকোনো সময় ধর্মঘট বানচাল করতে পারবে।

এছাড়া কারখানাগুলোর বেশিরভাগ শ্রমিক নারী হলেও এবং উচ্চ আদালতের কর্মস্থলে যৌন নিপীড়ন বন্ধ সংক্রান্ত বিধিমালা থাকার পরও আইনে যৌন হয়রানি বন্ধে কোনো পদক্ষেপের কথা উল্লেখ করা হয়নি।

এসমস্ত বিষয়গুলোসহ আরো ঘাটতি দূর করে শ্রম আইনকে আরো সংশোধন করে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বা জানিয়েছে সংগঠনটি।