বরিশালে বিক্ষোভ, অবরোধ
হরতালে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল করেছে গণজাগরণ মঞ্চের কর্মীরা।
এছাড়া জামায়াতের কর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের মামলার রায়ের পর গণজাগরণ মঞ্চ এবং জামায়াতে ইসলামী পৃথকভাবে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে সারাদেশে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চের কর্মীরা।
সকাল ৮টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে তাদের মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে ফিরে আসে।
বরিশাল একাত্তরের মঞ্চের প্রতিনিধি ও জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি প্রদীপ হালদার বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ কোনো ধরনের সহিংসতায় বিশ্বাসী নয়।
তাই তারা ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে হরতাল করছেন।
সমাবেশে বক্তৃতা দেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য নজরুল হক নিলু, বরিশাল জেলা সাধারণ সম্পাদক শান্তি দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি একে আজাদ, বাসদ বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হাবিব রুমন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমন্বয়ক মনিসা চক্রবর্তী প্রমুখ।
এদিকে, ভোর ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কাশীপুর এলাকায় সড়কে ইট বিছিয়ে ও টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শিবিরকর্মীরা।
পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সাড়ে ৫টার দিকে নগরীর লাকুটিয়া সড়কে হরতালের সমর্থনে মিছিল বের করে তারা।
বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন জানান, দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
তিনি জানান, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। নগরজুড়ে টহল দিচ্ছে র্যাব ও পুলিশের একাধিক টিম।
হরতালে বরিশালের অভ্যন্তরীন রুটের লঞ্চ চলাচলে হরতালের কোনো প্রভাব পড়েনি। নির্ধারিত সময়ে বরিশাল নৌ বন্দর ত্যাগ করেছে লঞ্চগুলো।
সড়ক পথে অভ্যন্তরীণ রুটে কিছু সংখ্যক বাস চলাচল করছে। তবে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি।
