জামায়াতের হরতালে গাড়িতে আগুন
গোলাম আযমের রায় প্রত্যাখ্যান করে তার মুক্তির দাবিতে জামাতের হরতালের শুরুতেই ঢাকার ডেমরা ও নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় যানবাহন পুড়িয়েছে দলটির কর্মীরা।
ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ী এলাকার সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে ডেমরার রানিমহল সিনেমা হলের সামনে একটি মাইক্রোবাসে আগুন দেয় হরতালকারীরা। এরপর তারা দ্রুত ওই এলাকা ত্যাগ করে।
এছাড়া সকালে যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকার অলিগলিতে জামায়াত কর্মীরা মিছিলের চেষ্টা করে বলে সহকারী কমিশনার জানান।
এদিকে সকাল সোয়া ৮টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি বাসে আগুন দেয়া হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা ব্রজেন কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া সকালে রাজধানীর পল্লবী ও রামপুরা এলাকায়ও হরতালের সমর্থনে জামায়াত-শিবির কর্মীদের মিছিলের খবর পাওয়া গেছে।
যুদ্ধাপরাধের পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায় জামায়াতের মুক্তিযুদ্ধকালীন আমির গোলাম আযমকে মোট ৯০ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ওই রায় ঘোষণার পর সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতালের ঘোষণা দেয় জামায়াত।
গোলাম আযমের রায়ের দিনে হরতালে একটি বাসে আগুন দেয় জামায়াত কর্মীরা
এর আগেও ট্রাইব্যুনালের রায়ের দিন ও পরে হরতাল করে সহিংসতা চালায় একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াত।
হরতালের কারণে সোমবার সকাল থেকেই রাজধানীর প্রতিটি সড়কে অবস্থান নিয়ে আছে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে।
মঙ্গলবারের হরতালে রাজধানীতে আগের দিনের চেয়ে বেশি যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে দূর পাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
রেল ও লঞ্চ চলাচল স্বাভাবিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান করে গোলাম আযমের ফাঁসির দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চও মঙ্গলবার সারা দেশে হরতাল করছে।
