হরতালে জামায়াত-শিবিরের ব্যাপক সহিংসতা
জামায়াতে ইসলামীর ডাকা হরতালে সোমবার দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বোমাবাজি, হামলা-ভাংচুর-অগ্নিসংযোগ করেছে দলটির নেতাকর্মীরা।
সহিংসতায় কুষ্টিয়া, সাতক্ষীরা ও চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ ও ইসলামী ছাত্র শিবিরের চারজন নিহত হয়েছেন।
জয়পুরহাট সদরে রেললাইন তুলে ফেলায় দুইঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
কোনো কোনো স্থানে পুলিশের সঙ্গেও তারা ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে।
যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের বিচারের রায় ঘোষণার দিন সকাল-সন্ধ্যা হরতাল ডাকে দলটি।
সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গোলাম আযমকে ৯০ বছর কারাদণ্ড দিয়েছে।
হরতাল চলাকালে দেশের বিভিন্ন স্থান থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর:
কুষ্টিয়া
নিহতরা হলেন মিরপুরের আমবাড়িয়া ইউনিয়নের বামনগাড়ী গ্রামের শফিউল আলমের ছেলে আল মুকিত তরুণ (২২) ও হালসা গ্রামের খবির উদ্দিনের ছেলে সবুজ আহমেদ (১৮)।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপজেলার হালসা আনন্দনগর এলাকায় বেশ কয়েকজন ভোরে গাছ কেটে রাস্তা অবরোধের চেষ্টা করলে এলাকাবাসী তাদের পিটুনি দেয়।
নিহতদের পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, হরতালে রাস্তা অবরোধ করতে ভোরে মুকিত, সবুজ ও সাদ্দাম হোসেন ফরিদসহ (২৩) বেশ কয়েকজন শিবিরকর্মী গাছ কেটে কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কে ফেলছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ
দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জামায়াতকর্মী নিহত হয়েছে।
নিহত নুরুল ইসলাম (৪৩) শিবগঞ্জ পৌর এলাকার মোহদীপুর মহল্লার সাজ্জাদ আলীর ছেলে।
নুরুল ইসলাম জামায়াতকর্মী বলে দাবি করেছেন উপজেলা জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত আমির মনিরুল ইসলাম।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, দুপুর ১টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার রসুলপুরে জামায়াত-শিবিরকর্মীরা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধ করে মিছিল করে । এ সময় আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় বুকে গুলিবিদ্ধ হয়ে নুরুল ইসলাম ঘটনাস্থলে মারা যায় বলে স্থানীয়রা জানায়।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহমেদ বলেন, “মারা যাওয়ার ব্যাপারটি শুনেছি তবে কিভাবে মারা গেছে এ ব্যাপারে আমরা নিশ্চিত নই।”
এদিকে, সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের লালাপাড়ায় পিকেটারদের বোমা হামলায় চার ট্রাকচালক আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, সকালে একটি মিছিল শান্তিমোড়ে পৌঁছলে পুলিশ ছত্রভঙ্গ করে।
একই সময় পিকেটাররা পিটিআই মোড় ও উপরাজারামপুর এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে।
এছাড়া সকাল ৯টার দিকে পিটিআই ও শিবতলায় শিবিরকর্মীরা ৫/৬টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশ পাল্টা রাবার বুলেট ও টিয়ার শেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সাতক্ষীরা
সোমবার সকাল ১১টার দিকে ধোপাডাঙ্গা মোড়ে এ হামলা নিহত আব্দুল আজিজ সখিপুর ইউনিয়নের ৪নং পাঁচপোতা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আওয়ামী লীগ এ হামলার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করলেও পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
স্থানীয়দের বরাত দিয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চক্রবর্তী সাংবাদিকদের জানান, জামায়াত-শিবিরের হামলায় আহত আওয়ামী লীগকর্মী বেল্লাল হোসেনকে দেখার জন্য বাড়ি থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে যাচ্ছিলেন আব্দুল আজিজ।
সকাল ১১টার দিকে দেবহাটার ধোপাডাঙ্গা মোড়ে পৌঁছালে একদল যুবক লাঠিসোটা নিয়ে পিটিয়ে আহত করে।
স্থানীয়রা সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, জামায়াত-শিবিরই হামলা চালিয়ে আজিজকে হত্যা করেছে।
তবে উপজেলা জামায়াতের আমীর আসাদুজ্জামান মুকুল দাবি করেন, পারিবারিক কলহের জের ধরে প্রতিপক্ষরা আব্দুল আজিজকে পিটিয়ে হত্যা করেছে।
জামায়াতের সহিংসতা
সকালে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া, আন্নার মোড়, মাধবকাটি ও তুজলপুর এলাকায় টায়ার জ্বালিয়ে জামায়াত-শিবিরকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।
পুলিশ জানায়, এ সময় একটি মালবাহী ট্রাকে অগ্নিসংযোগ ও একটি গাড়ি ভাংচুর করে। বিস্ফোরণ ঘটানো হয় ১৫টি হাতবোমার। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
একই সময়ে সাতক্ষীরা-খুলনা সড়কের বিনেরপোতা এলাকায় শিবিরকর্মীদের ধাওয়ায় একটি বরযাত্রীবাহী গাড়ি খাদে পড়ে ১০ জন আহত হয়।
চট্টগ্রাম
নগরীর ডবলমুরিং থানার ওসি মতিউল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে নগরীর আগ্রাবাদের এক্সেস সড়কে জড়ো হয়ে শিবিরকর্মীরা হাতবোমা ছোড়ে। এতে জামাল নামে এক পথচারী পায়ে গুরুতর জখম হন।
আকবর শাহ থানার ওসি আবদুর রাজ্জাক বলেন জামায়াত-শিবির কর্মীরা সকালে নগরীর আকবর শাহ এলাকায় একটি লেগুনায় এবং সীতাকুণ্ডে একটি ট্রাকে আগুন দিয়েছে ।
সীতাকুণ্ড থানার ওসি সামিউল আলম জানান, শিবিরকর্মীরা ভোর সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ডের পন্থিছিলায় একটি ট্রাকে আগুন দেয়।
সিলেট
জামায়াতের হরতালে সোমবার সকালে সিলেট নগরীতে ঝটিকা মিছিল ও সড়ক অবরোধ করেছে দলের কর্মীরা।
মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে পাঠানটুলা থেকে একটি মিছিল বের করে ছাত্র শিবির সমর্থকরা।
সুবিদবাজার এলাকায় গিয়ে তারা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে এবং সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এরপর পুলিশ আসার পেয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
এ সময় অন্ধকার থাকায় এলাকাবাসী ডাকাত সন্দেহে তাদের পিটুনি দেয়।
বরিশাল
হরতালে বরিশালে অগ্নিসংযোগ, ভাংচুর ও অবরোধ করেছে জামায়াত-শিবির কর্মীরা।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন শেখ জানান, সকাল ৮টার দিকে সাগরদি চান্দুর মার্কেট এলাকায় একটি অটোরিকশায় আগুন দিয়েছে পিকেটাররা।
এর আগে ভোর ৫টার দিকে নগরীর সিএ্যান্ডবি রোড এলাকায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করার চেষ্টা করেন শিবিরকর্মীরা।
পুলিশের একটি টহল গাড়ি সেখানে হাজির হলে পিকেটাররা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
গাজীপুর
দুপুরে চান্দনা-চৌরাস্তা এলাকায় পিকেটারেরা কয়েকটি গাড়ি ভাংচুর করে এবং ওই এলাকায় দাঁড়িয়ে থাকা বলাকা সার্ভিসের একাটি বাসে ও একটি সিএনজি ট্যাক্সি-ক্যাবে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ আগুন নেভায় বলে জানান জয়দেবপুর থানার ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম।
অপরদিকে টঙ্গী থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সকাল ৯টার দিকে টঙ্গীর কলেজ গেইট এলাকায় হরতালের সমর্থনে মিছিল থেকে কয়েকটি যানবাহন ভাংচুর করে।
সোয়া ৯টার দিকে ওই এলাকায় একটি পিকআপে অগ্নিসংযোগের চেষ্টা করলে টহল পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।
এছাড়া কোনাবাড়ি, ভোগড়া বাইপাস সড়ক, চান্দনা এলাকায় জামায়াত-শিবিরের খণ্ডখণ্ড ঝটিকা মিছিল বের হয় বলে জানান, জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান।
ফেনী
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফাজিলপুর, কাজির দিঘি ও লেমুয়ায় অর্ধশতাধিক গাড়ি ভাংচুর করেছে হরতাল সমর্থকরা।
এছাড়া দুপুর ১২টার দিকে ফেনী প্রেস ক্লাবের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় পিকেটাররা।
হাইওয়ে পুলিশ ও পুলিশ কন্টোল রুম সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে মহাসড়েকর ফেনী-কুমিল্লা সীমান্তের মোহাম্মদ আলি বাজার এলাকায় পিকেটাররা একটি ট্রাকে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফেনী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান, ভোরে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ফেনী কলেজ ছাত্রশিবিরের সভাপতি আতিকুর রহমান ও শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ মোশারফসহ ১৪ শিবিরকর্মী ও এক জামায়াতকর্মীকে আটক করেছে।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কামারখন্দে এক আওয়ামী লীগ সমর্থকের বাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে জামায়াত কর্মীদের বিরুদ্ধে।
এ সময় নারী-পুরুষসহ অন্তত ৭/৮ জনকে পিটিয়ে আহত করা হয়।
এ বিষয়ে কামারখন্দ থানার ওসি আমিনুল ইসলাম জানান, ৪০/৫০ জন জামায়াত-শিবির নেতাকর্মী চৈরগাতি গ্রামের হযরত আলীর বাড়িতে হামলা চালিয়ে তাদের ৪/৫টি বসত ঘরে ভাংচুর ও লুটপাট চালায়।
ভাংচুর-সংঘর্ষ
এদিকে কামারখন্দ উপজেলার নলকার কাশেম মোড় ও বানিয়াগাতী এলাকায় মহাসড়কে জামায়াত শিবির কর্র্মীরা দুটি গাড়ি ভাংচুর করেছে।
এ সময় সেখানে পুলিশ পৌঁছলে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ কাঁদানে ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার উপ-পরিদর্শক আসলাম উদ্দিন জানান, সকালে সিরাজগঞ্জ-নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়ার বোয়ালিয়া ও পূর্বদেলুয়া বাজারে অবরোধ করে জামায়াত-শিবির কর্মীরা ৩/৪ গাড়ি ভাংচুর করে।
পরে পুলিশ গেলে তাদের সঙ্গে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটনা ঘটে।
নওগাঁ
নওগাঁয় হরতালে ইসলামী ছাত্র শিবিরের মিছিল থেকে ‘গাড়ি ভাংচুরের চেষ্টা’ পুলিশ লাঠিপেটা করে পণ্ড করে দিয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় শহরের তাজের মোড়ের এ ঘটনায় অন্তত ১২ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন শিবির নেতারা।
নওগাঁ সদর থানার ওসি মোজাম্মেল হক জানান, জামায়াতের একটি মিছিল শহরের তুলসীগঙ্গা সেতুতে গিয়ে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় নেতাকর্মীরা গাড়ি ভাংচুরের চেষ্টা করলে পুলিশ মিছিলে লাঠিপেটা করে।
জয়পুরহাট
হরতালে জয়পুরহাটে রেললাইন তুলে নেয়ায় সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দিনাজপুর-রাজশাহী লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।
এ সময় জয়পুরহাট স্টেশনে পাঁচটি ট্রেন অটকা পড়ে।
পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম জানান, সকাল ১০টার দিকে সদর উপজেলার উড়ি-মাধবপাড়ায় জামায়াত-শিবির কর্মীরা প্রায় কেয়ার্টার কিলোমিটার এলাকায় রেল লাইন তুলে ফেলে এবং লাইনের উপড় কাঠের গুড়ি দিয়ে আগুন ধরিয়ে দেয়।
এদিকে, জয়পুরহাট-আক্কেলপুর সড়কের শুকতাহারে সকালে ধানবোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করেছে পিকেটাররা।
পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেন।
লক্ষ্মীপুর
হরতালে লক্ষ্মীপুরে হাতবোমা বিস্ফোরণ ও সড়ক অবরোধ হয়েছে।
প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, সকাল ৭টার দিকে জামায়াত সমর্থকরা মিয়ার রাস্তার মাথায় জমায়েত হয়ে টিন ও কাঠ ফেলে রামগতি-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে তারা। চারটি হাতবোমার বিস্ফোরণও ঘটায়।
ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকূপায় হরতালের আগের রাতে চারটি ট্রাক পুড়িয়েছে জামায়াত-শিবির কর্মীরা।
শৈলকূপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, ধান বোঝাই ট্রাকে আগুন দেয় জামায়াত শিবির। রোবববার রাত দেড় টার দিকে তারা আগুন দিয়ে পালিয়ে যায়।
এরপর পেট্রোল ঢেলে ওই স্থানে থাকা আরো চারটি ট্রাকে আগুন দেয় তারা।
