রায়ের পর শিবিরের দেয়া আগুনে চট্টগ্রামে পুড়েছে সাতটি গাড়ি
গোলাম আযমের রায়ের পর বন্দর নগরীতে সাতটি গাড়িতে আগুন দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।
এতে বাধা দিতে গেলে শিবিরকর্মীরা হাতবোমাও ছোড়ে বলে পুলিশ জানিয়েছে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর মুক্তিযুদ্ধকালীন আমির গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।
রায়ের এই দিনে সারাদেশে হরতাল ডাকে জামায়াত। হরতালের মধ্যে দুপুরে রায় দেয়ার পরপরই সহিংস হয়ে ওঠে শিবিরকর্মীরা।
পুলিশ জানিয়েছে, শিবিরকর্মীরা বিকালে ছয়টি ট্রাক ও একটি সিএনজি অটো রিকশায় আগুন ধরিয়ে দেয়।
বিকাল পৌনে ৬টার দিকে ষোলশহর দুই নম্বর গেইটের অদূরে মেয়র গলির সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেয় শিবিরকর্মীরা।
তা দেখে এগিয়ে গেলে শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছুড়ে পালিয়ে যায় বলে পাঁচলাইশ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন।
চট্টগ্রাম নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিবিরকর্মীরা ছয়টি ট্রাকের কাচ ভেঙে আগুন ধরিয়ে দেয়।
ঘটনাস্থল থেকে দুই শিবিরকর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ কর্মকর্তা রউফ জানান।
সকালে নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে শিবিরের ছোড়া হাতবোমায় পা পুড়ে যায় মো. জামাল নামে এক ফ্লেক্সিলোডের ব্যবসায়ীর।
সীতাকুণ্ডের দক্ষিণ বাইপাসে হরতাল শুরুর আগে ভোর সাড়ে ৪টায় শিবিরকর্মীরা একটি ট্রাকে আগুন দিলে অগ্নিদগ্ধ হন এর চালক কামাল হোসেন (৩৫) ও তার সহকারী মোহাম্মদ ইউসুফ (২৮)।
দুজনই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এছাড়া সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পন্থিছিলাতে একটি ট্রাকে আগুন ও কয়েকটি যানবাহন ভাংচুর করে শিবিরকর্মীরা।
এছাড়া নগরীর আকবর শাহ এলাকায় হরতালের শুরুতে একটি যাত্রীবাহী লেগুনাতে আগুন দেয়া হয়।
চবিতে শিবিরের মহড়া
গোলাম আযমের রায়ের পরপরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মহড়া দিয়েছে শিবির।
রায়ের পর ছাত্রলীগ মিছিল বের করলে বিভিন্ন হলসহ শহীদ মিনার এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয় শিবিরকর্মীরা।
তবে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোস্তাফিজুর রহমান দাবি করেছেন, শিবির নয়, সাধারণ শিক্ষার্থীরা রায়ের প্রতিবাদ জানানোর জন্য বিভিন্ন হলের সামনে অবস্থান নেয়।
ক্যাম্পাসে মিছিল-সমাবেশ নিষিদ্ধ থাকায় শিবির কোনো কর্মসূচি পালন করেনি বলে জানান তিনি।
চবি পুলিশ ফাঁড়ির পরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায় ঘোষণার পর ছাত্রশিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসে শোডাউন দেয়ার চেষ্টা করেছিল। তবে পুলিশ সতর্ক থাকায় করতে পারেনি।”
এদিকে রেল স্টেশন চত্বরে ছাত্রলীগের মিছিল থেকে গোলাম আযমের কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে ফাঁসির দাবিতে স্লোগান দেয়া হয়।
সমাবেশে চবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক এম এ খালেদ বলেন, “১৯৭১ সালে যুদ্ধাপরাধের নেতৃত্বদানকারী গোলাম আযমের বিরুদ্ধে দেয়া রায় জনগণকে হতাশ করেছে।”
