২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের ‘বিপক্ষে’ ছাত্রলীগ

গোলাম আযমের কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে গণজাগরণ মঞ্চসহ বামপন্থী ছাত্র ও যুব সংগঠনগুলো হরতাল ডাকলেও তাতে সমর্থন দেয়নি ছাত্রলীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 01:27 PM

Updated : 23 Aug 2022, 11:10 AM

শুরু থেকে গণজাগরণ মঞ্চের সঙ্গে সম্পৃক্ত থাকা সরকার সমর্থক ছাত্র সংগঠনটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, “আমরা সব সময়ই হরতালের বিপক্ষে। সুতরাং এই হরতালে আমাদের কোনো সমর্থন নেই।”

জামায়াতে ইসলামীর মুক্তিযুদ্ধকালীন আমির গোলাম আযমকে মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছর কারাদণ্ড দিয়ে সোমবার রায় দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।

যুদ্ধাপরাধীদের হোতা হিসেবে পরিচিত গোলাম আযমের ফাঁসির রায় না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন দল ও সংগঠন।

ট্রাইব্যুনালের রায় মেনে নিয়ে ছাত্রলীগ সভাপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তাই এ রায় মেনে নিয়েছি।”

গণজাগরণ মঞ্চের আন্দোলনে সম্পৃক্ত থাকলেও হরতালের কর্মসূচিতে আপত্তির বিষয়ে তিনি বলেন, “এ ক্ষেত্রে আদালত রায়ে একটি স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। আমরা আদালতের রায় মেনে নিয়েছি।”

ট্রাইব্যুনাল রায়ে বলেছে, গোলাম আযমের অপরাধের সাজা মৃত্যুদণ্ড হলেও বয়স বিবেচনায় তা দেয়া হয়নি।