২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দণ্ড লঘু করা সংগত হয়নি: সেলিম 

গোলাম আযমের সর্বোচ্চ সাজা না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 09:18 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

সোমবার সোমবার আদালত যুদ্ধাপরাধ পরিকল্পনার অপরাধে ৯০ বছরের কারাদণ্ড দেয় ৯১ বছর বয়সী গোলাম আযমকে।

গোলাম আযমের রায়ের পরে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায়  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সেলিম বলেন, “এটা সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে যে গোলাম আযম যুদ্ধাপরাধের সাথে যুক্ত ছিলেন। তাই এ অপরাধের যোগ্য শাস্তিই জনগণ প্রত্যাশা করেছিলো। কিন্তু তা না করে অন্য বিবেচনায় তাকে দীর্ঘ কারাদণ্ড দেয়া হয়েছে।”

আপিলের মাধ্যমে গোলাম আযমের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে সরকারকে অনুরোধ জানান তিনি।

“মুক্তিযুদ্ধের সময় যখন শিশু, বৃদ্ধ , অসুস্থ নির্বিচারে সকলকে হত্যা করা হয়েছে তখন তো গোলাম আযম কোন মানবিকতা দেখাননি। ৩০ লক্ষ মানুষের রক্ত যার হাতে রয়েছে সেই রাজাকারের শিরোমণির দণ্ড লঘু করে ট্রাইব্যুনাল ন্যায় সংগত কিছু করেনি।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে একাত্তরে ব্যাপক মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র, পরিকল্পনা, উস্কানি, পাকিস্তানি সেনাদের সহযোগিতা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেয়ার পাঁচ ধরনের অভিযোগই প্রমাণিত হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী পরিষদের সদস্য মঈনুদ্দিন খান বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে দেশের বিচার ব্যবস্থা স্বাধীন সে দেশের রায়ের ব্যাপারে কোনো মন্তব্য করবো না। এই রায়ে আমি সন্তুষ্ট কি অসন্তুষ্ট সে ব্যাপারেও কিছু বলবো না। রায়টাকে মাথা পেতে নেব।”