২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায় আবেগতাড়িত, আপিল করব: রাজ্জাক

যুদ্ধাপরাধে গোলাম আযমের কারাদণ্ডের রায়কে ‘ন্যায়ভ্রষ্ট’ আখ্যায়িত করে আপিল করার কথা জানিয়েছেন গোলাম আযমের আইনজীবী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 08:57 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

Image
আব্দুর রাজ্জাক, ফাইল ছবি

আব্দুর রাজ্জাক, ফাইল ছবি

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরে পাঁচ ধরনের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে মোট ৯০ বছরের কারাদণ্ড দেয়।

রায় ঘোষণার পর তার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, “এই রায়ে আমরা বিস্মিত ও ক্ষুব্ধ। আজ আইনের জন্য এটি একটি কালো দিবস।”

রায়কে ন্যায়ভ্রষ্ট ও আবেগতাড়িত আখ্যায়িত করে এর বিরুদ্ধে আপিল করার ঘোষণা দেন তিনি।

“আমরা অবশ্যই আপিল করব। আপিলের যথেষ্ট গ্রাউন্ড আছে।”

এ মামলায় গোলাম আযমের পক্ষে একমাত্র সাক্ষী তার ছেলে আব্দুল্লাহিল আমান আযমী রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “এ রায় নায়ভ্রষ্ট। আমরা আপিল করব।”

রায়ে ‘ক্ষুব্ধ’ হলেও ‘বিস্মিত নন’ বলে জানান তিনি।

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর সাবেক প্রধান গোলাম আযম যুদ্ধের সময় দলটির নেতৃত্ব দেন।

যুদ্ধাপরাধে তার সর্বোচ্চ শাস্তি না হওয়ায় রায় প্রত্যাখ্যান করে আন্দোলনের ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ, যে মঞ্চটি গড়ে উঠেছিল যুদ্ধাপরাধে আরেক জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির না হওয়ার ক্ষোভ থেকে।