আপিল করার দাবি সেক্টর কমান্ডার্স ফোরামের
যুদ্ধপরাধে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে অসন্তোষ প্রকাশ করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম।
সোমবার আদালত যুদ্ধাপরাধ পরিকল্পনার অপরাধে ৯০ বছরের কারাদণ্ড দেয় ৯১ বছর বয়সী গোলাম আযমকে।
রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেক্টর কমান্ডার্স ফোরামের সিনিয়র ভাইস চেয়ারম্যান কে এম সফিউল্লাহ বলেন, “এ রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা সর্বোচ্চ শাস্তিই আশা করে ছিলাম।”
সর্বোচ্চ শাস্তি চেয়ে রায়ের বিরুদ্ধে প্রসিকিউশনকে আপিল করার আহ্বান জানান তিনি।
এর আগে পাকিস্তানি বাহিনীর সঙ্গে পরিকল্পনা ও ষড়যন্ত্র, সহযোগিতা করা, উস্কানি দেয়া, সম্পৃক্ততা ও বাধা না দেওয়া এবং ব্যক্তিগতভাবে নির্যাতনে জড়িত থাকার পাঁচ ধরনের অভিযোগ প্রমাণিত হয় বলে জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
ট্রাইব্যুনালে এর আগে যুদ্ধাপরাধের চারটি মামলার রায় হয়েছে। এর মধ্যে প্রথম রায়ে জামায়াতের সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ আসে। দ্বিতীয় রায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড হয়।
তৃতীয় রায়ে দলটির নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী এবং চতুর্থ রায়ে সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
