২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পলকের নোটিস স্থগিত

অধিবেশনে অসংসদীয় শব্দ ব্যবহার বন্ধে ‌সরকার দলীয় সাংসদ জুনাইদ আহমেদ পলকের কার্যপ্রণালী বিধি সংশোধনের নোটিস স্থগিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 08:03 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে নোটিসটি উত্থাপন করতে গেলে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলেন, জাতীয় সংসদেরর কার্যপ্রণালি বিধি সংশোধনের জন্য কোনো নোটিস উত্থপানের নজীর নেই।

পলক তার নোটিসে সংসদের কার্যপ্রণালী বিধির ১৫ ও ২৭০ বিধি সংশোধনের প্রস্তাব দিয়েছিলেন।

নোটিসটি উত্থাপনের জন্য স্পিকার জুনাইদ আহমেদ পলককে অনুমতি দিলে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলেন, “মাননীয় স্পিকার কার্যপ্রণালি বিধি যদি সংশোধন আনতে হয়- এভাবে হয় কিনা জানি না। একজন সংসদ সদস্য এভাবে নোটিস দিতে পারে কি না? আমার অবাক লাগছে।”

কার্যপ্রণালি বিধি সংশোধন করতে গেলে স্পিকারের সঙ্গে কথা বলে এটা করা যেতে পারে বলে মত দিয়ে সংসদ নেতা বলেন, “এজন্য একটা কমিটি আছে। কমিটি স্ট্যান্ডিং কমিটিতে পাঠাবে আলোচনার জন্য।”

এ পর্যায়ে স্পিকার প্রধানমন্ত্রীকে বলেন, “সংসদ সদস্য একটি নোটিস দিয়েছে। এটা কমিটিতে পাঠানো যায়।”

স্পিকারের কথার জবাবে শেখ হাসিনা বলেন, “নতুন সদস্য জানে না। এট আমার অবাক লাগছে! এই নজীর নেই।”

পরে স্পিকার কার্যপ্রণালি বিধি সংশোধনের জন্য উত্থাপিত নোটিসটি স্থগিত করেন। এ সময় স্পিকারকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে তিনি উদ্যোগ নিলে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া যেতে পারে।

কার্যপ্রণালি বিধির ১৫ বিধিতে বলা হয়েছে, স্পিকারের বিবেচনামতে কোন সদস্য গুরুতর বিশৃঙ্খল আচরণ করিলে স্পিকার তাঁহাকে অবিলম্বে সংসদ হইতে চলিয়া যাইতে আদেশ দান করিতে পারিবেন এবং এইরূপে আদিষ্ট হইবামাত্র সংশ্লিষ্ট সদস্য সংসদ হইতে চলিয়া যাইবেন এবং সেই দিনের বৈঠকে স্পিকার কর্তৃক নির্ধারিত সময়ের জন্য অনুপস্থিত থাকিবেন।

সংশোধনী প্রস্তাবে পলক ‘স্পিকারের বিবেচনামতে কোন সদস্য গুরুতর বিশৃঙ্খল আচরণ করিলে’ বাক্যের পর ‘এবং ২৭০ বিধি মোতাবেক কোন সংসদ সদস্য তাঁহার বক্তব্যকালে কোন অংসদীয়, এক্সপাঞ্জযোগ্য অথবা অশ্লীল শব্দ পর পর তিনবার ব্যবহার করিলে’ সংযোজনের প্রস্তাব দেন।

২৭০ বিধিতে বক্তৃতা দেয়ার সময় সংসদ সদস্যদের ‘পালনীয় বিধি’ সম্পর্কে বলা আছে। এর উপবিধি ৮ সংশোধনের প্রস্তাব করেছেন জুনাইদ আহমেদ পলক।

তার প্রস্তাবে বলা হয়েছে, কোন সংসদ সদস্য আক্রমাত্মক, দেশদ্রোহীমূলক, রাষ্ট্রবিরোধী, মানহানিকর বা অশ্লীল শব্দ ব্যবহার করিলে মাননীয় স্পিকারের বিবেচনামতে এক্সাপাঞ্জযোগ্য প্রতিটি শব্দের জন্য অনধিক ৩০ হাজার টাকা সংশ্লিষ্ট সদস্যের মাসিক পারিতোষিক ভাতা হইতে কর্তনযোগ্য হইবে।”

গত ২৪ জুন সংসদে ব্যক্তিগত কৈফিয়ত দিতে উঠে পলক জাতীয় সংসদে প্রতিটি ‘অশালীন’ শব্দ ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে ৩০ হাজার টাকা করে জরিমানা করার প্রস্তাব দেন।

সেদিন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংসদ সদস্যরা তার প্রস্তাবে টেবিল চাপড়ে সমর্থন দেন।