২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় শিবিরের মিছিলে লাঠিপেটা, আহত ১২

নওগাঁয় হরতালে ইসলামী ছাত্র শিবিরের মিছিল থেকে ‘গাড়ি ভাংচুরের চেষ্টা’ পুলিশ লাঠিপেটা করে পণ্ড করে দিয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 07:00 AM

Updated : 26 Jul 2022, 03:03 PM

সোমবার সকাল সাড়ে ৯টায় শহরের তাজের মোড়ের এ ঘটনায় অন্তত ১২ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন শিবির নেতারা।

নওগাঁ সদর থানার ওসি মোজাম্মেল হক জানান, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রাকিবের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের তুলসীগঙ্গা সেতুতে গিয়ে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় নেতাকর্মীরা গাড়ি ভাংচুরের চেষ্টা করলে পুলিশ মিছিলে লাঠিপেটা করে।

নাশকতার আশঙ্কায় পুলিশ মিছিলে বাধা দেয়। এ ঘটনার পর থেকে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নওগাঁ জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, পুলিশের লাঠিপেটায় জেলা জামায়াতের প্রচার সম্পাদক আইনুল হকসহ অন্তত ১২ নেতাকর্মী আহত হয়েছেন।

আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান।