চট্টগ্রামে শিবিরের হাতবোমায় পথচারী আহত
চট্টগ্রামে জামায়াত-শিবির কর্মীদের ছোড়া হাতবোমায় এক পথচারী আহত হয়েছেন।
ডবলমুরিং থানার ওসি মতিউল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর আগ্রাবাদের এক্সেস সড়কে জড়ো হয়ে শিবিরকর্মীরা হাতবোমা ছোড়ে। এতে জামাল নামে এক পথচারী পায়ে গুরুতর জখম হন।
মোবাইল ফ্লেক্সিলোড ব্যবসায়ী জামালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে হরতালের সমর্থনে জামায়াত-শিবির কর্মীরা সকালে নগরীর আকবর শাহ এলাকায় একটি লেগুনায় এবং সীতাকুণ্ডে একটি ট্রাকে আগুন দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আকবর শাহ থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, সকাল ৮টার দিকে কয়েকজন শিবিরকর্মী দুটি মোটরসাইকেলে করে এসে একটি লেগুনায় আগুন দেয়।
এ সময় লেগুনায় কোনো যাত্রী ছিল না বলে জানান তিনি।
শিবির কর্মীরা ভোর সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ডের পন্থিছিলায় একটি ট্রাকে আগুন দেয় বলে সীতাকুণ্ড থানার ওসি সামিউল আলম জানান।
এ ঘটনায় কেউ আটক হয়নি বলে জানান তিনি।
সাবেক আমির গোলাম আযমের মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার দিন সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
