কোটা সংস্কারের দাবি প্রগতিশীল ছাত্রজোটের
বিসিএসসহ সরকারি নিয়োগ পরীক্ষায় কোটা সংস্কারের দাবি জানিয়েছ প্রগতিশীল ছাত্রজোট।
রোববার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এ দাবি জানায় বামপন্থী ছাত্র সংগঠনগুলোর এই মোর্চা।
সমাবেশে বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি এবং জোটের সমন্বয়ক আব্দুর রউফ বলেন, শুধু বিসিএস নয় স্বাধীনতার ৪২ বছরে দেশে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য বৃদ্ধি পেয়েছে।
“শুরুতে বৈষম্য দূর করতে কোটা ব্যবস্থা চালু করা হলেও বর্তমানে কোটার মাধ্যমেই বৈষম্য সৃষ্টি হয়। তাই আমরা কোটা পদ্ধতির সংস্কারের মাধ্যমে এ বৈষম্য দূর করার দাবি জানাচ্ছি।”
মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশ করে ছাত্রজোট।
জোটভুক্ত দুই সংগঠন ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট একই দাবিতে আলাদাভাবেও মিছিল করে।
