২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীপু মনির বাসায় বোমা: ২ দুই ছাত্রদল কর্মীর রিমান্ড

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির বাসায় হাতবোমা বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার দুই ছাত্রদল কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 02:37 PM

Updated : 23 Aug 2022, 11:10 AM

তারা হলেন- তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষায় অবতীর্ণ মাহবুবুল আলম ও ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স পরীক্ষায় অবতীর্ণ আকিল মাহমুদ।

মাহবুবুলের বাড়ি পাবনায়। তিনি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী জসিম উদ্দিনের ব্যক্তিগত সহকারী বলে পুলিশ দাবি করেছে।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য আকিলের বাড়ি ফেনী জেলায়। তিনি গুলশান কার্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালন করেন বলে পুলিশ জানায়।

রোববার মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার এসআই মিজানুর রহমান দুজনকে আদালতে হাজির করে সাত দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চান।

শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম রেজাউল করিম তাদের দুদিনের হেফাজতের নেয়ার আদেশ দেন।

তবে আসামিদের আইনজীবি জয়নাল আবেদীন মেজবাহ তাদের হেফাজতের আবেদন বাতিল করে জামিন চাইলেও বিচারক তা নাকচ করে দেন।

হেফাজতের আবেদনে বলা হয়, গত ২৮ মে হরতালের আগের দিন ৩৭ ইস্কাটন রোডের পররাষ্ট্রমন্ত্রীর বাড়ির ছাদে হাতবোমা বিস্ফোরণের সঙ্গে আসামিরা জড়িত ছিলেন। এসময় মন্ত্রী দেশের বাইরে ছিলেন।

ওই ঘটনায় এজাহারে কোনো আসামির নাম উল্লেখ না করে রমনা থানায় একটি মামলা করা হয়।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাড়িতে হাতবোমা বিস্ফোরণের সঙ্গেও তারা যুক্ত ছিলেন বলে আবেদনে উল্লেখ করা হয়।

ইনুর বাড়িতে হাতবোমা বিস্ফোরণের মামলায় গত ২৪ জুন এ দুজনকে গ্রেপ্তার করা হয়।

৩০ জুন তথ্যমন্ত্রীর বাড়িতে বোমা বিস্ফোরণের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দেন দুই ছাত্রদল কর্মী।

পরে দীপু মনির বাড়িতে হাতবোমা বিস্ফোরণের মামলায়ও তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়।