২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিবিরের গাড়ি ভাংচুর

গোলাম আযমের রায়ের আগের দিন চট্টগ্রামের কদমতলী ও স্টেশন রোড এলাকায় ঝটিকা মিছিল করে পুলিশের একটি মোটরসাইকেল পুড়িয়েছে শিবিরকর্মীরা। ভাংচুর করেছে বেশ কিছু যানবাহন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 01:03 PM

Updated : 23 Aug 2022, 11:10 AM

এ সময় শিবিরকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় এবং অন্তত ছয়টি ককটেল ফাটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার জামায়াতের সাবেক আমির গোলাম আযমের যুদ্ধাপরাধের মামলার রায়ের জন্য সোমবার সকালে সময় রাখে। এর পরপরই ঢাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি পোড়ায় জামায়াত কর্মীরা।   

আর চট্টগ্রামে সন্ধ্যা ৬টার দিকে কদমতলী ও স্টেশন রোড এলাকায় ঝটিকা মিছিল নিয়ে শিবিরকর্মীরা যানবাহন ভাংচুর শুরু করে বলে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পুলিশ এ সময় শিবিরকর্মীদের বাধা দিলে তারা ইট নিক্ষেপ করে।”

এক পর্যায়ে তারা এক পুলিশ সার্জেন্টের মোটর সাইকেলে আগুন দেয়।

পরে পুলিশ রাবার বুলেট ছুড়তে শুরু করলে শিবিরকর্মীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন গলি-উপ-গলিতে ছড়িয়ে পড়ে বলে ওসি মহিউদ্দিন সেলিম জানান।

তিনি জানান, ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।