পানছড়িতে ধর্মযাজক ও লংগদুতে ‘জেএসএস সমর্থক’ খুন
খাগড়াছড়ির পানছড়িতে বাড়িতে ঢুকে এক খ্রিস্টান ধর্মপ্রচারককে ও রাঙামাটির লংগদুতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এক সমর্থককে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পানছড়ি থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, শনিবার রাতে উপজেলার তাপিতাপাড়া এলাকায় হামলার মুখে পড়েন অরুণ কান্তি চাকমা (৪০)।
অপরদিকে রাঙামাটির পুলিশ সুপার (এসপি) আমেনা বেগম জানান, লংগদু উপজেলার আটরক ছড়া ইউনিয়নের পেরাছড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে কালাধন চাকমা (এনজয়) নামে জনসংহতি সমিতির (এমএন লারমা) সমর্থক এক যুবকের মৃত্যু হয়েছে।
দুটি লাশই খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে রয়েছে।
কী কারণে বা কারা ধর্মযাজককে গুলি করে হত্যা করেছে তা জানাতে পারেননি ওসি আলমগীর।
অরুণ নয় বছর আগে খ্রীস্টান ধর্ম গ্রহণ করেন এবং তাপিতাপাড়া গ্রামের গীর্জায় কাজ করছিলেন।
এ নিয়ে গত দুসপ্তাহে পানছড়িতে ৫ জন খুন হলেন।
রাঙামাটির এসপি আমেনা বেগম জানান, এনজয় চাকমার হত্যাকাণ্ডের ঘটনাস্থল জেলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে। এনজয় এলাকার ফুতসুল্লা চাকমার ছেলে।
এ সময় দুর্বৃত্তদের গুলিতে এনজয়ের ছেলে আদর্শন চাকমা (১৮ মাস) আহত হন। তাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান এসপি আমেনা বেগম।
এ হত্যাকাণ্ডের জন্য প্রতিপক্ষ সন্তু লারমার সংগঠনকে দায়ী করে বিবৃতি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সহ প্রচার ও তথ্য সম্পাদক প্রশান্ত চাকমা।
বিবৃতিতে হত্যাকাণ্ডের জন্য চারজনকে দায়ী করা হয়েছে।
