২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীঘিনালায় ‘ইউপিডিএফ-জেএসএস’ গোলাগুলি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ‘শান্তিচুক্তির পক্ষ-বিপক্ষ’ দুটি পাহাড়ি সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 02:24 PM

Updated : 25 Apr 2022, 06:59 PM

রোববার সকালে উপজেলার বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি এলাকার দুর্গম রবিচন্দ্র কার্বারি পাড়ায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু লারমা) এর মধ্যে ঘণ্টাব্যাপী এ গোলাগুলির ঘটনা ঘটে।

তবে পাহাড়ি এ দুটি দলই গোলাগুলির ঘটনা অস্বীকার করেছেন।

সেনাবাহিনীর দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল লোকমান আলী সাংবাদিকদের জানান, ইউপিডিএফ ও জেএসএস (সন্তু লারমা) এর মধ্যে গোলাগুলি খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেলে জড়িতরা পালিয়ে যায়।

“এ সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১৩ রাউন্ড গুলির খোসা ও ১টি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।”

ইউপিডিএফ এর উপজেলা সংগঠক কিশোর চাকমা বলেন, গোলাগুলির ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তবে এ ঘটনায় তাদের কোন সম্পৃক্ততা নেই।

একই কথা বলেন জেএসএস (সন্তু লারমা) এর সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা।

দীঘিনালা থানার ওসি শাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোলাগুলিতে কেউ হতাহত হয়েছে কীনা তা তাদের জানা নেই।

বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুগত চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি জানেন না।