সিরাজগঞ্জে ক্রসবার বাঁধে ধস
সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ক্রসবার বাঁধে শনিবার ধস দেখা দিয়েছে।
যমুনার প্রবল ঘুর্ণির কারণে সন্ধ্যায় বাঁধের পূর্ব প্রান্তের প্রায় ৫০ মিটার অংশ যমুনায় বিলীন হয়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানান।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাবুল চন্দ্র শীল জানান, যমুনায় ক্যাপিট্যাল ড্রেজিংয়ের অংশ হিসেবে পাউবো গত ও চলতি অর্থবছরে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ভাটিতে ও উজানে খনন কাজের বালি দিয়ে মোট চারটি ক্রসবার বাঁধ তৈরি করে।
উজানের পানি বাড়ায় যমুনায় প্রবল ঘুর্ণির কারণে ওই বাঁধের প্রায় ২০ মিটার অংশ যমুনা গর্ভে চলে যায়।
প্রকৌশলী বাবুল চন্দ্র শীল আরো জানান, যমুনার প্রবল স্রোতে ক্রসবার বালির বাঁধের প্রায় ৪০/৫০ মিটার ধসে গেলেও জরুরি কাজ চলছে।
এর আগে ৬ জুলাই জেলার কাজিপুর উপজেলার মাইজবাড়িতে পাউবোর সাড়ে আট কিলোমিটার দীর্ঘ নদীতীর রক্ষা প্রকল্পের ২নং প্যাকেজের প্রায় একশ’ মিটার যমুনায় বিলীন হয়।
