৩৪তম বিসিএসের পুনর্মূল্যায়িত ফল রোববার
চৌত্রিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পুনর্মূল্যায়িত ফল রোববার প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।
শনিবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগের বিসিএসের প্রিলিমিনারির ফলে যে পদ্ধতি অনুসরণ করা হতো, সংশোধিত ফলেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে।
সরকারি চাকরিতে নিয়োগের এই পরীক্ষার প্রাথমিক বাছাই বা প্রিলিমিনারির ফল গত সোমবার প্রথম দফায় প্রকাশ করা হয়। এতে ২ লাখ ২১ হাজার পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ১২ হাজার ৩৩ জন।
তবে কোটা পদ্ধতি অনুসরণ করে ফল প্রকাশ করায় মেধাবী অনেকে শুরুতেই বাদ পড়েছে বলে অভিযোগ তুলে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের বিক্ষোভ-প্রতিবাদের মুখে ফল ঘোষণার দুই দিনের মাথায় ফল পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় পিএসসি।
পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল নির্ধারণে পূর্বের ন্যায় প্রচলিত পদ্ধতি অনুসরণ করে ফলাফল ঘোষণার সিদ্ধান্ত হয়েছে।”
আগে চূড়ান্ত পরীক্ষার সময়ই কোটা অনুসরণ করে ফল প্রকাশ হতো। এক্ষেত্রে নম্বরই শুধু প্রাধান্য পেত।
এদিকে ফল পুনর্মূল্যায়নের ঘোষণা এলেও কোটা তুলে তুলে দেয়ার দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে আন্দোলনকারীরা।
কোটা বাতিলের দাবিতে তারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে রোববার ধর্মঘটও ডেকেছে।
শিক্ষার্থীদের এই আন্দোলনের মধ্যেই বিএনপি ও জাময়াতে ইসলামীও কোটা পদ্ধতি তুলে দেয়ার দাবি জানিয়েছে।
