২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপে খুলবে গ্রহণযোগ্য নির্বাচনের পথ, আশা ফরাসি রাষ্ট্রদূতের

সব রাজনৈতিক দলের মধ্যে ফলপ্রসূ সংলাপের মাধ্যমে বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আশা করেছেন ফরাসি রাষ্ট্রদূত মিশেল ত্রাঁকিয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2013, 11:47 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

শনিবার ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশিদের প্রতি এক শুভেচ্ছা বার্তায় এ আশাপ্রকাশ করেন তিনি।

১৪ জুলাই ঐতিহাসিক বাস্তিল দুর্গের পতন দিবস। ১৭৮৯ সালের এই দিনে রাজা ষোড়শ লুইয়ের একচ্ছত্র ক্ষমতার প্রতীক বাস্তিল কারাগার ধ্বংস করার মাধ্যমে ফরাসি বিপ্লব শুরু হয়। 

শুভেচ্ছা বার্তায় ত্রাঁকিয়ে বলেন, “বাস্তিল দিবসের মূল আদর্শকে ধারাবাহিকভাবে রক্ষা করার কথা আমাদের স্মরণ করিয়ে দেয় ফ্রান্সের জাতীয় দিবস।

“আজ বাংলাদেশি বন্ধুদের সঙ্গে আমাদের ওইসব মূল্যবোধ স্মরণ করতে পেরে আমি খুশি। আপনারা সাহসের সঙ্গে স্বাধীনতার জন্য লড়াই করেছেন এবং বহু কাঙ্ক্ষিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নিজেদের প্রতিজ্ঞা রক্ষা করেছেন।”

তিনি বলেন, বাংলাদেশ আসন্ন সাধারণ নির্বাচনসহ রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পর‌্যায়ের দিকে ধাবিত হচ্ছে।

“আশা করি, আগামী সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠানে বাংলাদেশ সক্ষম হবে।”

সাভারে ভবন ধসে পোশাক শ্রমিকসহ সহস্রাধিক মানুষের প্রাণহানির কথা স্মরণ করে ফরাসি দূত আশাপ্রকাশ করেন, অন্যান্য দেশ ও আন্তর্জাতিক শ্রম সংস্থার বিশেষজ্ঞদের সহায়তায় সরকার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে ‘প্রয়োজনীয় সংস্কার’ করতে পারবে।

তিনি বলেন, একটি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার শিগগিরই করার জন্য প্রণোদনা হিসেবে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত (জিএসপি) সুবিধা দেয়া হয়।

শ্রম অধিকার ও কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে এ পর‌্যন্ত সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ বিবেচনায় নিয়ে ত্রাঁকিয়ে বলেন, “আমাদের মতে, এটা (জিএসপি) স্থগিত বা প্রত্যাহার করা উচিত নয়।”

দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগের কথা স্মরণ করে তিনি বলেন, সম্পর্ক চমৎকারভাবে উন্নত হচ্ছে।

বার্তায় বলা হয়, “বহুপাক্ষিকতা, সংস্কৃতির বৈচিত্র্য ও পরিবেশের সংরক্ষণসহ অনেক আন্তর্জাতিক বিষয়ে আমাদের দুদেশের একই দৃষ্টিভঙ্গি রয়েছে।”

জাতিসংঘ শান্তি মিশনের সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্টতার নীতির প্রশংসা করেন তিনি। শান্তি রক্ষায় ফরাসি সৈন্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশি সেনারা লড়াই করছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, “ইউরোপীয় ইউনিয়নের পরিচালিত প্রকল্পসমূহে অর্থায়নের মাধ্যমে ফ্রান্স বাংলাদেশের উন্নয়নে অবদান রাখছে।”

ভবিষ্যতে নগর অবকাঠামো, পানি সরবরাহ এবং দূষণমুক্ত ও টেকসই জ্বালানি খাতে সাহায্য কর্মকাণ্ড আরো বিস্তৃত করার কথা জানান তিনি।

বাংলাদেশের মতো একটি রপ্তানিমুখী দেশের জন্য ‘বাণিজ্যকেও একটি গুরুত্বপূর্ণ সহায়তা’ হিসেবে দেখেন তিনি।

ফরাসি রাষ্ট্রদূত বলেন, “এদেশের জন্য ফ্রান্স চতুর্থ বৃহত্তম বাজার, যা থেকে বছরে ১৫০ কোটি ইউরো আয় হয়।”

তিনি বলেন, অনেক বছর ধরেই ফ্রান্সের বড় বড় কোম্পানিগুলি বাংলাদেশকে বিনিয়োগের জন্য বেছে নিয়েছে।

“এর মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হলো লাফার্জ সুরমা সিমেন্ট কারখানা, যা আমাদের দেশের অন্যতম প্রধান বিদেশি বিনিয়োগকারী।”

তিনি বলেন, যেকোনো দীর্ঘমেয়াদী সম্পর্কের ভিত্তি হবে মানবিক ও ব্যক্তিক উপাদান।

“একারণে আমরা ফরাসি সংস্কৃতি ও ভাষার উন্নয়নে জোর দিই।”