শৈলকুপায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।
বৃহষ্পতিবার বিকালে উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাধুখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফরেজ উদ্দিন ছরো (৫০) গ্রামের মৃত ওয়াজেদ মণ্ডলের ছেলে।
শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের ইউপি সদস্য মোস্তাক হোসেনের সঙ্গে আব্দুর সাত্তারের বিরোধ রয়েছে। এ দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
“কয়েকদিন আগে একটি সাইকেল ছিনিয়ে নেয়া নিয়ে আবার নতুন করে উত্তেজনা তৈরি হয়। এর জের ধরে বিকালে দুইপক্ষের সমর্থকরা দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।”
সংঘর্ষে আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া পথে ফরেজ উদ্দিন মারা যান বলে জানান ওসি।
তিনি জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
