ভ্রাম্যমাণ আদালতের ওপর কসাইদের হামলা
বন্দর নগরীর আগ্রাবাদে কর্ণফুলী মার্কেটে চট্টগ্রাম জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালিয়েছে মাংস বিক্রেতারা।
বৃহস্পতিবার দুপুরে এই হামলার পর দেলোয়ার হোসেন নামে এক কসাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চৌমুহনীর কর্ণফুলী মার্কেটে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দেলোয়ারকে জরিমানা করলে অন্য কসাইরা আদালত সংশ্লিষ্টদের ওপর চড়াও হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় কসাইরা জড়ো হয়ে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা পুলিশ ও কর্মচারীদের দিকে চেয়ার ছুড়ে মারে এবং চাপাতি নিয়ে ধাওয়া করে।
তখন অভিযান অসমাপ্ত রেখে ভ্রাম্যমাণ আদালতের কর্মীরা ফিরে আসে।
রমজানের শুরুর দিনে নগরীর বিভিন্ন মার্কেট ও বাজারে তদারকির অংশ হিসেবে কর্ণফুলী মার্কেটে অভিযান চালানো হয়।
মাংসের মূল্য তালিকা না রাখা এবং গরু ও মহিষের মাংস আলাদাভাবে না রাখার জন্য দেলোয়ারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেলোয়ার জরিমানার টাকা দিতে অস্বীকার করে এবং পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।
“এক পর্যায়ে সে অন্যান্য মাংস বিক্রেতাদের ডেকে এনে পুলিশ সদস্যদের ওপর চেয়ার ছুড়ে মারে এবং ধারালো ধামা দিয়ে হামলার চেষ্টা করে।”
পরে পুলিশ, কর্ণফুলী মার্কেট ব্যবসায়ী সমিতির নেতাদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনাস্থল থেকেই দেলোয়ারকে গ্রেপ্তার করে আনা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট হাবিব।
সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে ডবলমুরিং থানায় একটি মামলা করছে।
হাবিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এর আগে কর্ণফুলী মার্কেট, ফকির হাট ও ঈসান মিস্ত্রী হাটে অভিযান চালিয়ে বৃহস্পতিবার তিনটি প্রতিষ্ঠানকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করে।
ম্যাজিস্ট্রেট বলেন, “রমজান শুরুর প্রথম দিনে বিক্রেতাদের মূলত সতর্ক করা হচ্ছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”
অভিযানে বিএসটিআই, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও পুলিশ সদস্যরা ছিলেন।
