মাদ্রাসাছাত্রী মৃত্যুর ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মামলা
ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রীর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করেছেন তার বাবা এমরান হোসেন।
মঙ্গলবার রাতে সোনাগাজী মডেল থানায় দারুল নাজাত হযরত আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদরাসার অধ্যক্ষ আবদুল মাজেদ মারুফ (৩৫) ও উপাধ্যক্ষ সফিউল ইসলাম সোহাগকে (২৯) আসামি করে মামলাটি করা হয়।
এ দুজনই পলাতক রয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি সুভাষ চন্দ্র পাল মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার প্ররোচনা, যৌন নিপীড়ন ও কুপ্রস্তাব দেয়াসহ বেশ কয়েকটি অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়েছে।
এ মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে।
ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই নুপুরের মৃত্যুর কারণ জানা যাবে বলেও মন্তব্য করেন ওসি।
এদিকে নুপুরের মা জোৎস্না বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, মেয়ের মৃত্যুর পর এলাকার প্রভাবশালী কিছু ব্যক্তি মামলাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে এবং আসামিদের সঙ্গে সমঝোতা করতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে।
এছাড়া অর্পিতা এমরান নুপুরের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বুধবার দুপুরেও মাদ্রাসা ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
এ সময় তারা মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেয়।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসী ও নুপুরের পরিবারকে জিজ্ঞাসাবাদ করেছেন।
তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
সোমবার দুপুরে মাদ্রাসার একটি কক্ষ থেকে নুপুরের লাশ উদ্ধার করে পুলিশ।
