‘পারভেজ গুমের জন্য আইভী-রাব্বি দায়ী’
যুবলীগের বহিস্কৃত নেতা জহিরুল ইসলাম পারভেজ ওরফে ক্যাঙ্গারু পারভেজের ‘নিখোঁজের’ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র সেলিনা হায়াত আইভী এবং নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বিকে দায়ী করেছে তার পরিবার।
বুধবার পারভেজের স্ত্রী সোহানা বেগম বলেন, “পারভেজ কোন অপরাধ করেনি, সে নির্দোষ। সে আওয়ামী লীগের রাজনীতি করে, শামীম ওসমানকে ভালবাসে। এ কারণে খুনের উদ্দেশ্যে আইভী ও রাব্বি মিলে পারভেজকে গুম করিয়েছেন।”
স্বামীকে ফেরত পেতে এ সময় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সোহানা।
বিকেলে শহরের চাষাঢ়া শহীদ মিনারে পারভেজকে ফিরিয়ে দিতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীদের ডাকা গণসমাবেশে সোহানা এই অভিযোগ করেন।
গণসমাবেশে প্লাকার্ড হাতে পারভেজে ৭ বছর বয়সী ছেলে ভূঁইয়া জাওয়াত হোসেন গল্পও উপস্থিত ছিল।
তার হাতের প্লাকার্ডে লেখা ছিল- ‘মাননীয় প্রধানমন্ত্রী, আইভী ও রফিউর রাব্বি আমার বাবাকে গুম করিয়েছেন, আমার বাবাকে ফিরিয়ে দিতে বলো।’
তবে পারভেজের পরিবারের এ অভিযোগ অস্বীকার করেছেন মেয়র আইভী ও রফিউর রাব্বি।
গণসমাবেশ আরো বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল, যুবলীগ নেতা শাহ্ নিজাম প্রমুখ।
পারভেজের স্ত্রীর অভিযোগ অস্বীকার করে রফিউর রাব্বি বলেন, এটা শামীম ওসমানের সাজানো নাটক। শামীম ওসমান ত্বকী হত্যাকা- থেকে নিজে বাঁচতে এ নাটক সাজিয়েছেন।
সিটি কর্পোরেশন মেয়র সেলিনা হায়াত আইভী বলেন, পারভেজকে কারা গুম করেছে তা খুঁজে বের করার দায়িত্ব প্রশাসনের। নারায়ণগঞ্জবাসী জানে, গুম ও খুনের রাজনীতি শামীম ওসমান ও তার পরিবার করে। আমরা করি না।”
গত শনিবার সাদা পোশাকে অস্ত্রধারী লোকজন ঢাকার গুলশান-২ থেকে পারভেজকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার স্ত্রী সোহানা বেগম।
এরপর সোমবার নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীসভায় পারভেজ নিখোঁজের ঘটনায় আইভী ও রাব্বিকে দায়ী করেন আওয়ামী লীগ নেতা শামীম ওসমান।
তিনি ২৪ ঘণ্টার মধ্যে পারভেজকে ফিরিয়ে দেয়ার আল্টিমেটাম দেন।
এ দাবিতে মঙ্গলবার নারায়ণগঞ্জে মশাল মিছিল করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা।
গত ২৮ এপ্রিল শহীদ মিনারে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সমাবেশ চলাকালে যুবলীগ নেতা ‘ক্যাঙ্গারু পারভেজ’ সেখানে অস্ত্র নিয়ে গিয়ে হুমকি-ধামকি দেন।
এ ঘটনার পর কেন্দ্রীয় যুবলীগ তাকে সংগঠন থেকে বহিষ্কার করে।
