নোয়াখালীতে দুই কনস্টেবল বরখাস্ত
নোয়াখালীতে আসামি পালিয়ে যাওয়ায় বেগমগঞ্জ থানার দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকৃতরা হলেন- মো. নাজিম উদ্দিন এবং মোহাম্মদ গিয়াস উদ্দিন।
বুধবার বিকালে নোয়াখালীর পুলিশ সুপার আনিসুর রহমান পিপিএম বলেন, মঙ্গলবার বিকালে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে চুরির মামলার আসামি পালিয়ে যাওয়ার পর রাতে দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়ে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে।
মঙ্গলবার বিকালে চুরির মামলার আসামি খলিল রহমান ও মো. ফারুককে প্রাথমিক চিকিৎসা দিতে জেলা জজ আদালত থেকে দুই কনস্টেবল নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আসামি বহনকারী গাড়িটি হাসপাতালের সামনে পৌঁছামাত্র ফারুক ও খলিল হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যায়।
এ সময় কর্তব্যরত দুই কনস্টেবল ও স্থানীয়রা ধাওয়া করে খলিলকে ধরতে পারলেও ফারুককে ধরা সম্ভব হয়নি।
