না.গঞ্জে ব্যবসায়ীর ৬০ লাখ টাকা ছিনতাই
নারায়ণগঞ্জ সদর উপজেলায় অস্ত্রের মুখে এক ব্যবসায়ীর ৬০ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় রপ্তানিমুখী একটি তৈরি পোশাক কারাখানার দুই পরিচালকের কাছ থেকে এ অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আর কে গ্রুপের পরিচালক কায়সার আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছোট ভাই রাফিদকে নিয়ে শ্রমিকদের বেতন দেয়ার জন্য রাজধানীর মতিঝিলের একটি ব্যাংক থেকে ৬০ লাখ টাকা তুলে জালকুড়ির চৌধুরী বাড়িতে আসার পথে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
“এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে জালকুড়ি এলাকার ভেতরের রাস্তায় বিকাল সাড়ে পাঁচটার দিকে দুটি মোটর সাইকেলে আসা ৪ জন অস্ত্রধারী সামনে এবং অপর একটি মোটরসাইকেলে আসা দুই জন গতিরোধ করে।”
তারা গাড়ির গ্লাস ভেঙে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায় বলে জানান তিনি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বলেন, এ সময় দুর্বৃত্তরা গুলি করলেও পিস্তল থেকে গুলি বের না হওয়ায় ওই দুইজন জখমের হাত থেকে বেঁচে যান। ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মানিব্যাগ উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
