রাবি উপাচার্যের সঙ্গে শিবিরের সাক্ষাৎ
ইসলামী ছাত্র শিবির নেতারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে রমজানের শুভেচ্ছা বিনিময় করেছেন।
বুধবার দুপুরে ছাত্র শিবিরের কয়েকজন নেতা উপাচার্য অধ্যাপক মিজান উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে উপাচার্যসহ প্রশাসনের বিভিন্ন কর্মকতাদের কাছে রমজানের শুভেচ্ছা হিসাবে সংগঠনটির ক্যালেন্ডার উপহার দেন।
২০১০ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ক্যাম্পাসের বাইরে ছিল ইসলামী ছাত্র শিবির। বর্তমান প্রশাসন এ বছরের ২০ মার্চ দায়িত্ব নেয়ার পর থেকে ক্যাম্পাসে ফিরতে শুরু করে যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াত ইসলামীর সহযোগী এ সংগঠনের নেতারা।
গত ১৫ জুন রাতে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মোসাদ্দেক হোসেন বুলবুলের বিজয়ের পর ছাত্র শিবির ক্যাম্পাসে হাতবোমা ফাটিয়ে উল্লাস প্রকাশ করে।
বুধবার বিকালে ইসলামী ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়াউদ্দিন বাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপাচার্য অধ্যাপক মিজান উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তাকে রমজানের শুভেচ্ছা ও শিবিরের ক্যালেন্ডার উপহার দেয়া হয়।
এ সময় শিবির নেতা হাসিবুল আলম প্রধানসহ বিভিন্ন হল শাখার সভাপতি উপস্থিত ছিলেন। পরে প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ বিভিন্ন প্রশাসনিক ভবনের কর্মকর্তাদেরকে শিবিরের পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয় বলে জানান জিয়াউদ্দিন বাবলু।
তবে বিষয়টি নিয়ে ক্যাম্পাসে ছাত্র-শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি ইখতেখারুল ইসলাম শিপলু বলেন, যেসব শিক্ষক এতোদিন শিবিরের বিপক্ষে কথা বলেছে তারা ক্ষমতায় গিয়ে শিবিরকে কাছে টেনে নিচ্ছে। প্রশাসনের সঙ্গে কি তাহলে শিবিরের আঁতাত হয়ে গেল?
প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক আনন্দ কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারাজীবন মৌলবাদীদের বিরুদ্ধে সংগ্রাম করে এসেছি। শিবিরের সঙ্গে প্রশাসনের আঁতাত কখনো সুখকর হতে পারে না।
ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফীন মাতিন জানান, তিনি শুনেছেন তার দপ্তরে এসে শিবির তাদের ক্যালেন্ডার ও রমজানের শুভেচ্ছাপত্র দিয়ে গেছে।
উপাচার্য অধ্যাপক মিজান উদ্দিনকে ঘটনার দিন ফোন না ধরলেও বৃহস্পতিবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওরা (শিবির) রমজানের নামে প্রতারণা করেছে। আমি এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানাই।”
“ভবিষতে আমার কার্যালয় এসব অপতৎপরতা থেকে সর্তক থাকবে।”
ঘটনার ব্যাখা দিতে গিয়ে উপাচার্য জানান, বুধবার দুপুরে তার ব্যক্তিগত সহকারী এসে আরবি বিভাগের কিছু ছেলে দেখা করতে চায় এবং রমজানের সময়সূচি দিবে বলে জানায়।
“আমি সহজভাবে তাদেরকে সাক্ষাৎ করার অনুমতি দেই। তারা এসে কিছু বুঝে উঠার আগেই রমজানের সময়সূচি হাতে দিয়ে ছবি তুলতে লাগে।”
যখন দেখলাম সেখানে ইসলামী ছাত্র শিবির লেখা এরপর আমি তাদেরকে বের করে দিই, বলেন উপাচার্য।
তিনি বলেন, যাদের বিরুদ্ধে রাস্তায় থেকেছি, সংগ্রাম করেছি আর তারা আমার সাহচর্য পাবে তা কি করে হয়?
