টেকনাফে ৪৯ মানবপাচারকারী বিরুদ্ধে ২ মামলা
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া মানব পাচারকালে ২ শতাধিক যাত্রীসহ একটি ট্রলার আটকের ঘটনায় কক্সবাজারের টেকনাফ থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকালে কোস্টগার্ডের পক্ষ থেকে করা এ দুটি মামলায় ৪৯ মানবপাচারকারীর নামোল্লেখ করা হয়েছে।
টেকনাফ থানার ওসি (তদন্ত) দিদারুল ফেরদৌস সাংবাদিকদের জানান, মানব পাচার আইনে দায়ের করা মামলার একটিতে ৩৮ জনের এবং অপরটিতে ১১ মানবপাচারকারীকে আসামি করা হয়েছে।
গত ৮ জুলাই সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওযার সময় ২২০ যাত্রীসহ সেন্ট মার্টিনের পশ্চিম বঙ্গোপসাগর থেকে একটি ট্রলার আটক করে কোস্টগার্ড। ট্রলার থেকে ছয় মিয়ানমারের নাগরিককেও আটক করা হয়।
এ ছয়জনকেও কোস্টগার্ডের দায়ের করা মামলায় আসামি করা হয়েছে বলে জানান ওসি দিদারুল।
