২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দেশি আইনই প্রাধান্য পাবে’

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে দেশি আইনই প্রাধান্য পাবে বলে মত দিয়েছেন কুইন্স কাউন্সিল আজমালুল হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 12:04 PM

Updated : 23 Aug 2022, 11:09 AM

বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চে তিনি বক্তব্য উপস্থাপন করেন।

মঙ্গলবার তিনি বক্তব্য দেয়া শুরু করেন। রোববার পরবর্তী শুনানির দিন তার আবারো বক্তব্য দেয়ার কথা রয়েছে।

আজমালুল হোসেন কিউসি বলেন, প্রথাগত আন্তর্জাতিক আইন দেখেই আন্তর্জাতিক অপরাধ  ট্রাইব্যুনাল আইন করা হয়। এই আইনের সঙ্গে অন্য আন্তর্জাতিক আইনের বিরোধ দেখা দিলে দেশীয় আইনই প্রাধান্য পাবে।

“তবে কোন আইনের ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হলে সেক্ষেত্রে আন্তর্জাতিক আইনের সহায়তা নেয়া যেতে পারে”, বলেন তিনি।

একাত্তরে হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে গত ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এই জামায়াত নেতার বিরুদ্ধে ছয়টি আনা অভিযোগের মধ্যে পাঁচটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং একটি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেননি বলে রায়ে উল্লেখ করা হয়।

রায়ে অসন্তোষ প্রকাশ করে শাহবাগে আন্দোলন শুরুর পর সরকার ও আসামি- দুই পক্ষেরই আপিলের সমান সুযোগ রেখে আইন সংশোধন করা হয়।

কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির আদেশ না হওয়ায় এবং একটি অপরাধের অভিযোগ থেকে খালাস দেয়ায় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে অভিযোগ থেকে খালাসের আবেদন জানিয়ে আপিল করেন কাদের মোল্লার আইনজীবীরা।

গত ১ এপ্রিল এ মামলার আপিল শুনানি শুরু হয়। উভয়পক্ষের আইনজীবীরা এরপর ৩০ দিনের বেশি সময় শুনানিতে অংশ নেন। কিন্তু শুনানির এক পর্যায়ে কাদের মোল্লার আইনজীবী আব্দুর রাজ্জাক সংশোধিত আইন তার মক্কেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে কি না তা নিয়ে প্রশ্ন তোলেন।

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সহায়তার জন্য গত ২০ জুন সাত আইনজীবীকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

এই সাত অ্যামিকাস কিউরি হলেন- টি এইচ খান, সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি এবং সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ।

অ্যামিকাস কিউরিদের বক্তব্য নেয়ার প্রথম দিন সোমবার ব্যারিস্টার রফিক-উল হক ও ব্যরিস্টার এম আমীর উল ইসলাম বক্তব্য দেন।

পুরনো খবর:

‘এক খুনে ফাঁসি হলে হাজার হত্যায় আপিল হবে না কেন’