২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এক খুনে ফাঁসি হলে হাজার হত্যায় আপিল হবে না কেন’

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যে কোনো ‘অপর্যাপ্ত’ দণ্ডের বিরুদ্ধে আপিলে রাষ্ট্রপক্ষের সমান সুযোগের আইন কাদের মোল্লার ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে মত দিয়েছেন আরো দুই আইনজীবী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 12:41 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

Image
Abdul Quader Molla (File Photo)

Abdul Quader Molla (File Photo)

ব্যারিস্টার এম আমীর উল ইসলাম ও মাহমুদুল ইসলাম মঙ্গলবার অ্যামিকাস কিউরি হিসাবে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে এই মত দেন।

ব্যারিস্টার আমীর বলেন, সরকার আন্তর্জাতিক অপরাধ আইনে সবার জন্য আপিলের সমান সুযোগ দিতে যে সংশোধনী এনেছে, তার মাধ্যমে আসামিপক্ষকে বঞ্চিত করা হয়নি।

“এর মাধ্যমে উভয়পক্ষকে আপিলে সমান সুযোগ দেয়া হয়েছে মাত্র। পৃথিবীর সব সভ্য জাতিই তা করবে।”

 এই আইনটি এখন কাদের মোল্লার ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে তিনি মত দেন।

“একটি হত্যার অভিযোগে ফাঁসি হতে পারে। তাহলে শত/হাজারো হত্যার অভিযোগে আপিল করা যাবে না কেন?”

মাহমুদুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল আইনের সংশোধনী কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে প্রথাগত আন্তর্জাতিক আইন ট্রাইব্যুনালে প্রযোজ্য হবে না।

ট্রাইব্যুনাল আইনে কোনো অস্পষ্টতা দেখা দিলে তখন আন্তর্জাতিক আইন দেখা যেতে পারে বলে তিনি মত দেন। 

একাত্তরে হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে গত ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এই জামায়াত নেতার বিরুদ্ধে ছয়টি আনা অভিযোগের মধ্যে পাঁচটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং একটি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেননি বলে রায়ে উল্লেখ করা হয়।

এই রায়ে অসন্তোষ প্রকাশ করে শাহবাগে আন্দোলন শুরুর পর সরকার ও আসামি- দুই পক্ষেরই আপিলের সমান সুযোগ রেখে আইন সংশোধন করা হয়।

কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির আদেশ না হওয়ায় এবং একটি অপরাধের অভিযোগ থেকে খালাস দেয়ায় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে অভিযোগ থেকে খালাসের আবেদন জানিয়ে আপিল করেন কাদের মোল্লার আইনজীবীরা।

গত ১ এপ্রিল এ মামলার আপিল শুনানি শুরু হয়। উভয়পক্ষের আইনজীবীরা এরপর ৩০ দিনের বেশি সময় শুনানিতে অংশ নেন। কিন্তু শুনানির এক পর্যায়ে কাদের মোল্লার আইনজীবী আব্দুর রাজ্জাক সংশোধিত আইন তার মক্কেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে কি না তা নিয়ে প্রশ্ন তোলেন।

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সহায়তার জন্য গত ২০ জুন ৭ আইনজীবীকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

এই সাত অ্যামিকাস কিউরি হলেন- টি এইচ খান, সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি এবং সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ।

অ্যামিকাস কিউরিদের বক্তব্য নেয়ার প্রথম দিন সোমবার ব্যারিস্টার রফিক-উল হক অন্য একজনের মাধ্যমে লিখিত বক্তব্য উপস্থাপন করেন। পরে ব্যরিস্টার এম আমীর উল ইসলাম বক্তব্য দেয়া শুরু করেন। মঙ্গলবার তিনি বক্তব্য শেষ করেন। এরপর শুরু করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। বুধবার তিনি আবার বক্তব্য দিবেন।

পুরনো খবর:

সংশোধনী কাদের মোল্লার ক্ষেত্রেও প্রযোজ্য: রফিক-উল হক