সংশোধনী কাদের মোল্লার ক্ষেত্রেও প্রযোজ্য: রফিক-উল হক
প্রথাগত আন্তর্জাতিক আইন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে প্রযোজ্য নয় জানিয়ে ব্যরিস্টার রফিক-উল হক বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লার দণ্ডের বিরুদ্ধে আপিল করার অধিকার সরকারের রয়েছে।
অ্যামিকাস কিউরি হিসেবে ব্যরিস্টার রফিকের ওই বক্তব্য সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে উপস্থাপন করেন অ্যাডভোকেট অন রেকর্ড মৌলভী ওয়াহিদুল্লাহ।
এ মামলার আরেক অ্যামিকাস কিউরি ব্যারিস্টার এম আমীর উল ইসলামও লিখিত বক্তব্য জমা দিয়ে তা আদালতে উপস্থাপন শুরু করেছেন। আন্তর্জাতিক অপরাধ আইনের সংশোধনী কাদের মোল্লার ক্ষেত্রেও প্রযোজ্য হবে-লিখিত বক্তব্যে এমন মতই দিয়েছেন তিনি।
এ বিষয়ে মঙ্গলবারও বলবেন ব্যারিস্টার আমীর।
একাত্তরে হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে গত ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এই জামায়াত নেতার বিরুদ্ধে ছয়টি আনা অভিযোগের মধ্যে পাঁচটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং একটি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেননি বলে রায়ে উল্লেখ করা হয়। এর মধ্য দুটি অভিযোগে কাদের মোল্লার যাবজ্জীবন এবং আরো দুটি অভিযোগে ১৫ বছর কারাদণ্ড দেয়া হয়।
এই রায়ে অসন্তোষ প্রকাশ করে শাহবাগে আন্দোলন শুরুর পর সরকার ও আসামি- দুই পক্ষেরই আপিলের সমান সুযোগ রেখে আইন সংশোধন করা হয়। কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির আদেশ না হওয়ায় এবং একটি অপরাধের অভিযোগ থেকে খালাস দেয়ায় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।
অন্যদিকে অভিযোগ থেকে খালাসের আবেদন জানিয়ে আপিল করেন কাদের মোল্লার আইনজীবীরা।
আব্দুল কাদের মোল্লা
এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সহায়তার জন্য গত ২০ জুন ৭ আইনজীবীকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।
এই পাঁচ অ্যামিকাস কিউরি হলেন- টি এইচ খান, সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি এবং সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ।
প্রথম দিন লিখিত বক্তব্যে রফিক-উল হক বলেন, আপিলে সমান সুযোগ দিয়ে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন’ ১৯৭৩ এর সংশোধনী জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
তিনি বলেন, বাংলাদেশের আইনে বিচারের ক্ষেত্রে প্রথাগত আন্তর্জাতিক আইনের গ্রহণযোগ্যতা নেই। তাছাড়া ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ আইনের ২১ ধারায় যে সংশোধনী আনা হয়েছে যতোক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্ট তা অসাংবিধানিক ঘোষণা না করছে, ততোক্ষণ তা কার্যকর বলে গণ্য হবে।
“সংবিধানের ৪৭ (৩) অনুচ্ছেদে এ আইনের বিধানগুলোকে সুরক্ষা দেয়া হয়েছে। তাই মানবতাবিরোধী অপরাধী কাদের মোল্লার দণ্ডের বিরুদ্ধে আপিল করতে সরকারের সব ধরনের অধিকার রয়েছে।”
দুপুরে বক্তব্য শুরু করেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। এর আগে তিনি তার লিখিত বক্তব্য আদালতে জমা দেন।
শুনানির পর এম আমীর-উল ইসলাম বলেন, “আপিলের সমান সুযোগ দিয়ে যে সংশোধনী আনা হয়েছে তা কাদের মোল্লার ক্ষেত্রেও প্রযোজ্য। এই সংশোধনী করা হয়েছে সমবিচার নিশ্চিত করার জন্য।
“সংবিধানের বলা আছে বিচার সম হতে হবে। অসম বিচার যদি হয় তাহলে সংসদ আইন সংশোধন করে সমতা সৃষ্টির ব্যবস্থা করতে হবে।”
তবে প্রথাগত আন্তর্জাতিক আইনও এই বিচারে প্রযোজ্য হবে বলে মত দেন তিনি।
