সিলেট ৭ গ্রামের সংঘর্ষে আহত ৫০
দুই যুবকের কথা কাটাকাটি ও হাতাহাতির জের ধরে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৭টি গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার লালটেক, পেশকারগাঁও, হায়তরগাঁও, মনিগুপা, পালগাঁওয়ের লোকজনের সঙ্গে বড়খুরমা ও পনাউল্লাহ গ্রামবাসীর সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।
প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে পুলিশের একটি গাড়ি ভাংচুর করা হয়েছে।
বিশ্বনাথ থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে পনাউল্লাহ বাজারে লালটেক গ্রামের কয়েস আহমদ ও বড়খুরমা গ্রামের ফয়েজ আহমদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এ ঘটনার জের ধরে বুধবার সকাল ১০টায় লালটেক, পেশকারগাঁও, হায়তরগাঁও, মনিগুপা, পালগাঁওয়ের লোকজন সংঘবদ্ধ হয়ে ফয়েজের বড়খুরমা গ্রামের দিকে রওয়ানা হয়।
খবর পেয়ে বড়খুরমা ও পনাউল্লাহ গ্রামের লোকজন তাদের প্রতিরোধে এগিয়ে এলে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানান ওসি আবুল কালাম আজাদ।
তিনি জানান, সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
আহতদের মধ্যে তফুর আলী, আবদুস শুকুর, আবদুন নূর, আওলাদ মিয়া, দুলাল মিয়া, গিয়াস আহমদ, তৌহিদ আহমদ, জয়নাল আহমদ, নূর উদ্দিন, রায়হান আহমদ, আবদুর রহিম, বুলবুল আহমদ ও আবদুল মালেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সিলেটের পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা জানান, থানা পুলিশ ও সিলেট থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পুলিশের একটি পিকআপ ভ্যানের গ্লাস ভাংচুর করা হয়।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান এসপি।
