‘সিন্ডিকেট’ করে জিনিসপত্রের দাম বাড়ানো হচ্ছে: বিএনপি
সরকার সমর্থক ব্যবসায়ীরা ‘সিন্ডিকেট’ করে রোজায় জিনিসপত্রের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “গত এক সাপ্তাহ যাবত দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। উচ্চমূল্য নিয়ন্ত্রণে সরকার কোনো চেষ্টাই করেনি। কারণ সরকার সমর্থিত ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করছে অধিক মুনাফার লোভে।”
তিনি বলেন, “সরকারের শেষ সময়ে যুবলীগ-ছাত্রলীগ যেভাবে টেন্ডারবাজিতে নেমে গেছে তেমনিভাবে রমজানকে সামনে রেখে এই ব্যবসায়ী সিন্ডিকেট জনগণের পকেট থেকে টাকা লুট করতে মরিয়া হয়ে উঠেছে।”
তিনি বলেন, “সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিলো- দ্রব্যমূল্য কমাবে। কিন্তু তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। প্রতিদিনই দ্রব্য মূল্য বাড়ছে। আমরা মনে করি, সরকারের উপরিকাঠামোতে দুর্নীতি ও তাদের লোকজন ব্যবসা-বাণিজ্য কুক্ষিগত করার জন্য দ্রব্যমূল্য লাগামহীন হয়ে পড়েছে।”
এ সময় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে ধরে এই বিএনপি নেতা বলেন, “সরকারকে বলবো, আর লুকোচুরি কিংবা ধানাই-পানাই না করে গণদাবি মূল্যায়ন করুন। নির্বাচনকালীন সময়ে একটি নির্দলীয় সরকার ব্যবস্থা কায়েমে উদ্যোগ নিন। আমরা বিরোধী দল এক্ষেত্রে সহযোগিতা করবো।”
টিআইবির জরিপ নিয়ে খন্দকার মোশাররফ বলেন, “এই প্রথম টিআইবি রাজনৈতিক দলকে দুর্নীতির তালিকায় নিয়ে এসেছে।
“এই প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে- ক্ষমতাসীন দল ও জোটের শরিকরা দুর্নীতির সঙ্গে যুক্ত। অতীতে কখনোই রাজনৈতিক দলকে দুর্নীতির সঙ্গে জড়িত করা হয়নি। এ থেকে বোঝা যায়, দুর্নীতির ব্যাপকতা কত দূর পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে।”
মঙ্গলবার রাজধানীর ব্র্যাক সেন্টারে এক প্রতিবেদনে টিআইবি দাবি করেছে, রাজনৈতিক দল, পুলিশ ও বিচার ব্যবস্থা বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত।
সংগঠনের সভাপতি হাবীব মিয়াযীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা নেতা ফজলুল হক, মেজবাহ উদ্দিন বায়েজিদ, আব্বাস উদ্দিন আহম্মেদ, শহীদুল্লাহ সরকার, মেঘনা উপজেলা সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী, সাধারণ সম্পাদক আজহারুল হক শাহীন, স্থানীয় নেতা আবদুল ওয়াদুদ মুন্সী, মো. সলিমুল্লাহ, এম এ মতিন প্রমুখ বক্তব্য দেন।
