২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা অয়েলের এমডির বিরুদ্ধে দুদকের মামলা

নিয়োগে দুর্নীতির অভিযোগে পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল খায়েরসহ ৯৩ জনের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুদক।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 08:45 AM

Updated : 23 Aug 2022, 11:09 AM

বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক), চট্টগ্রাম অঞ্চল-১ এর উপ-পরিচালক মো. খোরশেদ আলম বাদী হয়ে সদরঘাট থানায় মামলাগুলো করেন।

খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরস্পর যোগসাজশে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া অবৈধভাবে চাকরি দেয়ায় এসব মামলা করা হয়েছে।

পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের ও তৎকালীন ব্যবস্থাপক ও বর্তমানে সহকারী জেনারেল ম্যনেজার (এজিএম) মো. রফিকুল হাসানকে তিনটি মামলার প্রতিটিতে এবং তৎকালীন ডেপুটি জেনারেল ম্যানেজার ও বর্তমানে জেনারেল ম্যানেজার (ফিন্যান্স) হেলাল আহমেদ চৌধুরীকে একটি মামলায় আসামি করা হয়েছে।

সদরঘাট থানার এসআই মাহবুব মিল্কী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম মামলায় ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের ও মো. রফিকুল হাসানকে প্রধান আসামি করে অফিস সহকারী, ড্রাইভার, কম্পিউটার অপারেটর, নিরাপত্তা কর্মীসহ বিভিন্ন পদে নিয়োগ প্রাপ্ত ৬৫ জনসহ ৬৭ জনকে আসামি করা হয়। দ্বিতীয় মামলায় আবুল খায়ের, জেনারেল ম্যানেজার (ফিন্যান্স) হেলাল আহমেদ চৌধুরী, রফিকুল হাসান এবং বিভিন্ন পদে নিয়োগপ্রাপ্ত ১৬ জনসহ ১৯ জনকে আসামি করা হয়েছে। তৃতীয় মামলায় এমডি আবুল খায়ের ও মো. রফিকুল হাসান এবং নিয়োগপ্রাপ্ত পাঁচজনসহ সাতজনকে আসামি করা হয়। থানার এসআই মো. ফেরদৌস জানান, আসামিদের বিরুদ্ধে কোনো প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ পরীক্ষা ছাড়া বিভিন্ন পদে নিয়োগ দেয়ার অভিযোগ আনা হয়েছে।