তিস্তার পানি বাড়ছে
ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে লালমনিরহাটে তিস্তার পানি আরো বেড়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, বুধবার ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে তিস্তা ব্যারেজের সব কয়টি গেট খুলে দেয়া হয়েছে।
পানি বৃদ্ধির ফলে লালমনিরহাটের নিম্নাঞ্চলের অন্তত ২৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, গত রোববার সকাল ১০টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তখন থেকেই পানি বাড়তে থাকে। এই পয়েন্টে মঙ্গলবার পানি ছিল বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর।
পানি উন্নয়ন বোর্ড দোয়ানী-ডালিয়া শাখার সহকারী প্রকৌশলী মইনুদ্দিন মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রবল বর্ষণ এবং মঙ্গলবার রাত থেকে উজানের পানি আসায় পানি বিপদসীমার ২৬ সেন্টিমিটার অতিক্রম করে।
ফলে ব্যারেজের উজান ও ভাটিতে কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ব্যারাজের সব গেট খুলে দিয়ে পানির গতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
সোমবার মধ্যরাত থেকে জেলার পাটগ্রাম উপজেলার আঙ্গোরপোতা-দহগ্রাম ছিটমহল, হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারী, সিঙ্গিমারী, সিন্দুনা, পাটিকাপাড়া ও ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলা ভোটমারী, তুষভান্ডার, কাকিনা, আদিতমারী উপজেলার মহিষখোচা, লালমনিরহাট সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ ও গোকুন্ডা ইউনিয়নের তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের অন্তত ২৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলা জানান, তার ইউনিয়নে অন্তত ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সরোয়ার হোসেন জানান, উপজেলার সানিয়াজান, গড্ডিমারী, ডাউয়াবাড়ি, পাটিকাপাড়া, সিন্দুর্না, সিংগীমারীসহ ৬টি ইউনিয়নের চেয়ারম্যানদের পানিবন্দিদের তালিকা করতে বলা হয়েছে।
প্রাথমিক অবস্থায় এ উপজেলায় পানিবন্দিদের মধ্যে ৩৫ মেট্রিক টন চাল বরাদ্ধ এসেছে এবং তা বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রাব্বী জানান, পানি আরো বাড়লে কালীগঞ্জের তিনটি ইউনিয়নের নিম্নাঞ্চলের কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হতে পারে।
তবে এখনো তেমন কোনো খবর পাওয়া যায়নি।
লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, পানিবন্দি দুই হাজার পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
