২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে পুলিশ-‘ডাকাত’ গোলাগুলি, আটক ২

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গোলাগুলির পর দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 05:56 AM

Updated : 23 Aug 2022, 11:09 AM

মারিয়া এলাকায় বনপাড়া-হাটিকুরুল সড়কে বুধবার ভোরে এ সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের রডের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।    

৭/৮ জনের এই দলটি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

আটকরা হলেন গুরুদাশপুর উপজেলার চাঁচকৈড় পুরানপাড়া গ্রামের এহিয়া প্রমানিকের ছেলে মিঠুন (২৫) এবং যোগেন্দ্রনগর গ্রামের জয়নাল (২৩)।

সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ জানান, ভোর সাড়ে তিনটার দিকে ওই সড়কে টহলরত বড়াইগ্রাম থানা পুলিশ ডাকাত দলটিকে থামানো চেষ্টা করে।   

এ সময় ডাকাতরা গুলি করে এবং দেশি অস্ত্রসশস্ত্র নিয়ে হামলা করে। এ সময় পুলিশও পাল্টা গুলি করে।

এক পর্যায়ে ডাকাতরা পিছু হটলে পুলিশ আহত দুই ডাকাতকে আটক করে।

ডাকাতদের রডের আঘাতে আহত হয়েছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) রিপন উজ্জামান।

পুলিশ কর্মকর্তা আরো জানান, গুলিবিদ্ধ মিঠুনকে গুরুদাশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর জয়নালকে বড়াইগ্রাম থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় আহত পুলিশ কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।