২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলন্ত গাড়ি থেকে ফেলে আ.লীগ কর্মীকে হত্যা

রাজধানীর দৈনিক বাংলা মোড়ে চলন্ত মাইক্রোবাস থেকে ফেলে এক আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 05:37 PM

Updated : 25 Apr 2022, 06:57 PM

নিহত আমির হোসেন কাঞ্চন (৪২) মিরপুর পল্লবী এলাকায় আওয়ামী লীগের সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ভাঙ্গারি ব্যবসায়ী মো. শরীফ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দৈনিক বাংলা মোড়ে একটি চলন্ত মাইক্রোবাস থেকে এক ব্যক্তিকে ফেলে দেয়া হয়। এরপর গাড়িটি দ্রুত সেখান থেকে চলে যায়।

মাইক্রেবাস থেকে ফেলে দেয়ার আগে ওই ব্যক্তি চিৎকার করছিলেন বলে শরীফ জানান।

এরপর স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

পরে নিহতের পকেটে থাকা কাগজ ও মোবাইল ফোন থেকে তার পরিচয় জানতে পারেন শরীফ ও মেডিকেলের লোকজন।

কাঞ্চনের বড় ভাই আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ভাইয়ের কোনো শত্রু ছিল আমি জানি না। ও আওয়ামী লীগ করত। ইলিয়াস মোল্লার কাছের লোক ছিল।”

পল্লবী থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এএসএম সারোয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাঞ্চন তাদের থানার একজন সক্রিয় সদস্য ছিলেন।

কাঞ্চন আসবাব ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বাসা পল্লবীর ডি ব্লকে।

পল্টন থানার ওসি গোলাম সারওয়ার বলেন, “আমরা ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”